পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকরা বর্তমানে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন বলে মন্তব্য করেছেন ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম।
বুধবার (৩ জুন) সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় মূলধারার সাংবাদিকতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত এবং অপসাংবাদিকতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়া।
সভায় প্রেসক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মানিক, মফিজ ইমাম মিলন, জাহিদ রিপন, শেখ মনির হোসেন, আশরাফুজ্জামান দুলাল, রেশাদুল হাকিম, কামরুজ্জামান সোহেল, বেলাল চৌধুরী, হাসানুজ্জামান, শফিকুল ইসলাম মনি, সাজ্জাদ হোসেন রনিসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।
সভায় ফরিদপুরের সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তারা বলেন, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকরা বর্তমানে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। মূলধারার সাংবাদিকতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার পাশাপাশি অপসাংবাদিকতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি।
বক্তারা আরও উল্লেখ করেন, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা, সততা ও পেশাদারত্বের চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং নামসর্বস্ব ও সাইনবোর্ড-নির্ভর সাংবাদিকতার পরিবর্তে জনস্বার্থভিত্তিক দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান।
মতবিনিময় সভায় জেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা এবং উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার বিষয়েও আলোচনা হয়।
এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।
জেলা প্রশাসক মাজহারুল ইসলাম সাংবাদিকদের বক্তব্য ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামী দিনগুলোতে সাংবাদিকদের নিয়ে জনস্বার্থে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সভা শুরুর আগে ফরিদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এনকেবি নয়ন/তামান্না রুপা/