ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর আইডিয়াল স্কুল মাঠ চত্বরে বসে গাঁজা সেবনের অভিযোগে মো. শিহাব (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (২৪ জুলাই) নিশ্চিন্তপুর আইডিয়াল স্কুল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে ১৫ গ্রাম গাঁজাসহ শিহাবকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে। দণ্ড দেওয়ার পরপরই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ এই অভিযানের প্রসিকিউশন পরিচালনা করেন। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বিধান চন্দ্র দাস/তামান্না রুপা/
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও ব্যবসায়ী আব্দুল ওহাব ভূঁইয়া স্বপনকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে তার জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার কাঁচপুর এলাকায় তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা আব্দুল ওহাব ভূঁইয়া স্বপন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল ওয়াহাব ভূঁইয়া স্বপন বলেন, সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানের পাশের ২৭ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন। সম্প্রতি এ জমি বিক্রি করার জন্য জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুন নুর এবং বিএনপি নেতা পনির হোসেন মিন্টুসহ কয়েকজন নেতা তাকে চাপ প্রয়োগ করেন।
তিনি জমি বিক্রি করতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও নাম স্বর্বস্ব অনলাইন পোর্টালে তাকে আওয়ামী লীগের দোষর বানিয়ে অপপ্রচার চালাচ্ছেন। তার দাবি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আব্দুন নুর এবং বিএনপি নেতা মিন্টুসহ কয়েকজন এ কাজে জড়িত আছে।
তিনি অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা আব্দুন নূরের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে। ওই এলাকার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আঁতাত করে সে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এলাকার নিরীহ মানুষের জমি দখলের সাইনবোর্ড ঝুঁলিয়ে দখলের চেষ্টা করেন। তিনি বিএনপির পদধারী নেতা হওয়ার পরও আওয়ামী লীগের দোষর হিসেবে আখ্যায়িত করে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন।
আব্দুল ওয়াহাব ভূঁইয়ার দাবি, সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাদের সঙ্গে যে ছবি প্রকাশ করে দোষর বলা হচ্ছে সেটা একটি সামাজিক অনুষ্ঠানের ছবি। তিনি ব্যবসায়ী হওয়ার কারণে সকলের সঙ্গে তার সু-সম্পর্ক ছিল। এ সামাজিক অনুষ্ঠানের ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।
কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমি বলেন, ‘আব্দুল ওহাব ভূঁইয়া স্বপন কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ। তাকে জড়িয়ে যে প্রচার করা হচ্ছে এগুলো হাস্যকর। বিএনপির পরীক্ষিত নেতাকে আওয়ামীলীগ বানিয়ে ফয়দা লুটার চেষ্টা করছে একটি চক্র। তিনি ব্যবসায়ী হওয়ার কারনে সকলের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে।’
অভিযুক্ত ছাত্রলীগ নেতা আব্দুন নূরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ জমির সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই। আব্দুল ওহাব ভূঁইয়া স্বপন তার আত্মীয়। বিএনপি নেতা পনির হোসেন মিন্টু ও স্বপনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। তাকে জড়ানোর বিষয়টি খুবই দুঃখজনক। তাকে পুলিশ হয়রানি করতে তার নাম ব্যবহার করছেন বলে দাবি করেন।
ইমরান হোসেন/খাদিজা রুমি/
দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে চলাচলকারী একটি ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দেওয়া এক নারীকে প্রায় পৌনে চার ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাত প্রায় ১১টার দিকে ফরিদপুরের কোতয়ালী উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করেন। পরে রবিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া ওই নারীর নাম মোসা. লাইজু (৩৯)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার আশ্রাফাবাদ ঝাউচর এলাকার বাসিন্দা এবং ফোরকান মিয়ার স্ত্রী।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেরে আসে ‘কুমিল্লা’ নামের একটি কে-টাইপ (মাঝারি) ফেরি। ফেরিটি পদ্মা নদীর মাঝামাঝি পৌঁছালে ডেক থেকে বোরকা পরিহিত এক নারী হঠাৎ নদীতে লাফ দেন। বিষয়টি দেখতে পেয়ে ফেরির মাস্টার তাৎক্ষণিকভাবে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে দায়িত্বরত বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে অবহিত করেন। একই সঙ্গে দুই ঘাটের নৌপুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। তবে গভীর রাত পর্যন্ত তারা ওই নারীর কোনো সন্ধান পাননি।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ত্রিনাথ সাহা জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে বিআইডব্লিউটিসি থেকে খবর পাওয়ার পর তিনি ফেরির মাস্টার ও এক ঝালমুড়ি বিক্রেতার সহায়তায় ওই নারীর ভ্যানিটি ব্যাগ উদ্ধার করেন। ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে খবর আসে যে, দৌলতদিয়া ফেরিঘাট থেকে প্রায় ৩০ কিলোমিটার ভাটিতে ফরিদপুরের কবিরপুর চর এলাকায় স্থানীয়রা তাকে জীবিত উদ্ধার করেছেন।
ফরিদপুর নর্থ চ্যানেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সরোয়ার হোসেন জানান, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন জেলে পদ্মা নদীতে মাছ ধরার সময় কচুরিপানা আঁকড়ে ভাসতে থাকা এক নারীকে দেখতে পান। পরে তারা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং বিষয়টি ফরিদপুর কোতয়ালী নৌপুলিশকে জানান।
কোতয়ালী নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তপন নন্দী বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
সুমন বিশ্বাস/আজহার/
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও জাসদ নেতা আনোয়ারুল কবির (টুটুল) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভেড়ামারা শহরের গোডাউন মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
২৯ জুন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংগঠনিক কার্যক্রম ও দলীয় সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন আনোয়ারুল কবির (টুটুল)।
পদত্যাগের ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে গোডাউন মোড় এলাকার একটি চায়ের দোকানে বসে কথা বলছিলেন আনোয়ারুল কবির। এ সময় মোটরসাইকেল করে কয়েকজন ব্যক্তি এসে তার ওপর হামলা চালায়।
পরে স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই তিনি ঢাকায় চলে যান।
সাবেক মেয়র আনোয়ারুল কবির অভিযোগ করেন, নওদাপাড়া এলাকার স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ, চাঁদগ্রাম এলাকার সিজারসহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। হামলার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং আত্মরক্ষার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয় বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, হামলার সময় তার সঙ্গে থাকা দুলাল ও নুরু নামের দুই ব্যক্তিও আহত হয়েছেন। জাসদ করে রাস্তায় প্রকাশ্যে ঘুরে বেড়ানো যাবে না জানিয়ে বৃহস্পতিবার রাতেও সোহাগ হুমকি দিয়েছিলেন। তার মাথায় এগারোটি সেলাই পড়েছে। তিনি দ্রুতই আইনি ব্যবস্থা নেবেন বলে জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ বলেন, 'সম্পর্কে আমরা মামা-ভাগ্নে। তার সঙ্গে ভালো সম্পর্ক আমার। তিনি যে অভিযোগ এনেছেন তা সত্য নয়। আমি একটি দায়িত্বশীল পদে থেকে এমনটা কেন করতে যাব? আর তিনিই (টুটুল) কেন এমন অভিযোগ করছেন, বুঝতে পারছি না।'
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, 'ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে গুলির কোনো আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'
মিলন/তামান্না রুপা/
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টানা কয়েক দিনের বৃষ্টিতে কাঁচাবাজারে বেড়েছে সবজির দাম।
শনিবার (২৬ জুলাই) পৌরশহরের সড়কবাজার, বড়বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা, পেঁপে ৪০ টাকা, পটল ৬০ টাকা ও শশা ৬০ টাকা কেজি দরে।
তবে টমেটো, ঢেঁড়স, বরবটি, গাজর, কাকরোল ও করলা ১০০ টাকা, বেগুন ১২০ টাকা এবং প্রতিটি লাউ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচের কেজি ৩০০ টাকায় পৌঁছেছে।
সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজি এখন কেজিতে ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের, যা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০০ টাকায়। এতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলের সবজি খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ও সরবরাহ কমেছে। এর প্রভাব পড়েছে পাইকারি বাজারে। সেই বাড়তি দামে সবজি কিনতে হওয়ায় খুচরা বাজারেও মূল্য বেড়েছে।
উপজেলার আজমপুর এলাকার শোয়েব মিয়া বলেন, ‘কয়েক সপ্তাহ ধরেই সবজির দাম বেশি। গত দুই-তিন দিনের বৃষ্টির পর দাম আরও বেড়েছে।’
রাধানগর এলাকার হোসেন মিয়া বলেন, ‘১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। কাঁচামরিচের দাম তো সাধারণ মানুষের নাগালের বাইরেই চলে গেছে।’
সড়ক বাজারের খুচরা কাঁচামাল বিক্রেতা সমিতির সভাপতি শাহ আলম মিয়া বলেন, বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমেছে। তাই প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে।’
একই বাজারের পাইকারি সবজি ব্যবসায়ী ও আড়তদার হারাধন সাহা হার বলেন, ‘উৎপাদন এলাকায় বৃষ্টির কারণে অনেক সবজিখেত নষ্ট হয়েছে। ফলে পাইকারি বাজারেই দাম বেশি। সরবরাহ স্বাভাবিক হলে বাজারেও দামের চাপ কমবে।’
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে নিয়মিত মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বাজার বিশ্লেষকদের মতে, মৌসুমি বৃষ্টির কারণে সরবরাহে সাময়িক সংকট তৈরি হওয়ায় দাম বেড়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবং উৎপাদন এলাকা থেকে সরবরাহ বাড়লে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সবজির বাজারে স্বস্তি ফিরতে পারে।
জুটন বনিক/খাদিজা রুমি/