পঞ্চম অধ্যায় : পদার্থের অবস্থা ও চাপ
(গত ৯ নভেম্বর প্রকাশের পর)
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: কোনো বস্তুকে তরলে ডুবালে তা হালকা মনে হয় কেন?
উত্তর: আমরা জানি, কোনো ভারী বস্তুকে পানিতে অর্থাৎ তরলে ডুবালে তরল পদার্থ বস্তুটির ওপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। অর্থাৎ বস্তুর ওজন ওই ঊর্ধ্বমুখী বল একই সরলরেখায় বিপরীত দিকে ক্রিয়া করায় তরলে বস্তুটির ওজন হ্রাস পায়। এ জন্য কোনো বস্তুকে তরলে ডুবালে তা হালকা মনে হয়।
প্রশ্ন: লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে কেন?
উত্তর: লোহার টুকরা পানিতে ভাসে না কারণ লোহার খণ্ডের মাধ্যমে অপসারিত পানির ওজন লোহা খণ্ডের ওজনের চেয়ে কম। কিন্তু লোহার তৈরি হলে জাহাজ পানিতে ভাসে কারণ জাহাজের ভেতরটা ফাঁপা। ফলে জাহাজ যে আয়তনের পানি অপসারণ করে তার ওজন জাহাজের ওজনের চেয়ে বেশি হয়। এতে জাহাজ পানিতে নামালে প্রথমে ডুবতে শুরু করে। খানিকটা ডুবার পর যখন অপসারিত পানির ওজন জাহাজের ওজনের সমান হয় তখন জাহাজটি ভাসতে থাকে।
আরো পড়ুন : পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের ৯টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, নবম শ্রেণির পদার্থবিজ্ঞান
প্রশ্ন: ইস্পাত ও রাবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক এবং কেন?
উত্তর: আমরা জানি, একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও দৈর্ঘ্যবিশিষ্ট দুটি ভিন্ন ভিন্ন বস্তুর যেটিতে বেশি প্রতিরোধ বলের সৃষ্টি হয় সে বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি হবে। অর্থাৎ দুটি বস্তুর মধ্যে যার স্থিতিস্থাপক সীমার মান বেশি সেটি অপেক্ষাকৃত বেশি স্থিতিস্থাপক। ইস্পাত ও রাবারের মধ্যে ইস্পাতের স্থিতিস্থাপক সীমার মান বেশি।
সমপরিমাণ বল প্রয়োগের জন্য ইস্পাতের প্রতিরোধ বলের মান বেশি হয়। তাই ইস্পাত বেশি স্থিতিস্থাপক।