বিশ্বখ্যাত জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা তাদের জনপ্রিয় করোলা মডেলের নতুন সংস্করণ ‘২০২৫ টয়োটা করোলা এফএক্স’ উন্মোচন করেছে। স্পোর্টি ডিজাইন এবং আধুনিক ফিচার-সমৃদ্ধ সেডানটি ইতোমধ্যেই গাড়িপ্রেমীদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে।
করোলা এসই-এর প্ল্যাটফর্মে নির্মিত এই নতুন গাড়িতে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে অন্যতম আকর্ষণীয় দিক হলো এর ট্রাংক ঢাকনার ওপর যুক্ত করা নতুন ডিজাইনের স্পয়লার বা উইং। যদিও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে এটি গাড়ির সামগ্রিক চেহারায় একটি গতিশীল ভাব ফুটিয়ে তুলেছে।
এ ছাড়া করোলা এফএক্স সংস্করণে নতুন ১৮ ইঞ্চির অ্যালয় হুইল এবং কিছু নতুন ডিজাইনের উপাদান যোগ করা হয়েছে, যা গাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
করোলা এফএক্স স্পোর্টি রূপ পেলেও, গাড়ির ইঞ্জিনে কোনো পরিবর্তন আনা হয়নি। এটিতে আগের মতোই ২.০ লিটারের ইনলাইন ফোর-সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ১৬৯ হর্সপাওয়ার এবং ১৫১ পাউন্ড-ফুট টর্ক উৎপন্ন করতে পারে। ইঞ্জিনটি কন্টিনিউয়াসলি ভ্যারিয়েবল ট্রান্সমিশনের (সিভিটি) মাধ্যমে সামনের চাকায় শক্তি সরবরাহ করে।
সম্প্রতি ‘কুইক স্পিন’ নামের এক রিভিউ অনুষ্ঠানে অটোমোবাইল বিশ্লেষক ওয়েসলি রেন গাড়িটির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি গাড়িটি চালানোর অভিজ্ঞতা, ডিজাইন ও দৈনন্দিন যাত্রার জন্য উপযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই অনুষ্ঠানে তিনি অটোউইকের প্যাট্রিক ক্যারোনের সঙ্গে কথাও বলেন গাড়ির নানা দিক নিয়ে।
সাধারণ পরিবারের ব্যবহারের জন্য করোলা মডেলের গাড়িকে উপযুক্ত মনে করা হয়। তবে নতুন উইংযুক্ত সেডান হিসেবে টয়োটা করোলা এফএক্স বাজারে কেমন সাড়া ফেলে, এখন সেটাই দেখার বিষয়। তবে এর আকর্ষণীয় ডিজাইন ও আধুনিক ফিচারগুলো প্রতিযোগিতামূলক বাজারে বিশেষ স্থান করে দিতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।