ছড়ার কাছে যাই.. আমি ছড়ার কাছে যাই
ছড়ায় কাছে গেলে আমি মাটির সুবাস পাই।
ব্রত রায় একজন সুনিপুণ ছড়াশিল্পী যার পরিচয় দেড় দশক ধরে তিনি দিয়ে চলেছেন। বড়দের ও ছোটদের— দুধরনের ছড়াতেই তিনি সিদ্ধহস্ত। তাঁর রাজনৈতিক ও সামাজিক সচেতনতামূলক স্যাটায়ারধর্মী ছড়াগুলো যেভাবে পাঠকমহলে আলোড়ন জাগায়, তাঁর শিশুতোষ ছড়াগুলো উদ্দীপিত করে শিশুমনকে।
ব্রত রায় মনে করেন, ‘একটি শিশু আগামীকাল কী হবে আমরা তা নিয়ে উদ্বিগ্ন, অথচ আমরা ভুলে যাই সে আজকেও কেউ একজন। শিশুমানস বিচিত্র, বিস্তৃত। শিশুদের মনকে স্পর্শ করা সহজ নয়। শিশুদের ভাবনাগুলো যে স্রেফ শিশুতোষ নয়, এই সত্য যত তাড়াতাড়ি বোঝা যাবে তত ভালো শিশুসাহিত্য রচনা করা যাবে।’
ছোট্ট বাড়ির বারান্দাতে
রোদ পড়ে এক চিলতে
উঠছে পাশেই অট্টালিকা
সে রোদটুকু গিলতে!
‘ছড়ার কাছে যাই’ শীর্ষক এই ছড়াগ্রন্থের ছড়াগুলো বিষয়বৈচিত্র্যে ও নির্মাণে শিশুকিশোরদের মানসিক চাহিদা ও ধারণক্ষমতার উপযোগী একথা বলা যায়। একই সঙ্গে ছড়াগুলো বড়দেরও মুগ্ধ করবে বলেই ধারণা করা যায়।
ওই হেঁটে চলছে সে
ডাকলাম, ‘মকবুল!’
যে-ই ফিরে তাকালো সে
বুঝলাম, লোক ভুল!
‘ছড়ার কাছে যাই’ বইটিতে মোট ২৬টি ছড়া স্থান পেয়েছে। প্রতিটি ছড়াই বক্তব্যে, নির্মাণে, স্বাদে আলাদা।
এই শহরে যা নেই সেটা পল্লিগ্রামে আছে
তাই ছুটে যাই যখন তখন আমরা গ্রামের কাছে
শাপলা-শালুক ফোটে
পতঙ্গরা ছোটে
পরনকথার ডালিমকুমার হাজার বছর বাঁচে।
এই বইটি পাঠককে মা, মাটি, মায়ের ভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে শেখাবে। ইতিহাসের পাঠ দেবে। প্রাণ-প্রকৃতির প্রতি মমত্ববোধ বাড়াবে। পল্লির কাছে নিয়ে যাবে। বিশ্বভূগোলের প্রতি আগ্রহ বাড়াবে। অলীক কল্পনার জগতে নিয়ে যাবে আবার রুঢ় বাস্তবতার মাটিতে নামিয়ে আনবে।
ইচ্ছে করে ফড়িং হতে—
বসব তারে তারে
কিন্তু বলো মানুষ কি আর
ফড়িং হতে পারে?
নিখুঁত অন্ত্যমিল ও নির্ভুল ছন্দে নির্মিত ছড়াগুলোতে হাস্যরসের মোড়কে বক্রোক্তি, ব্যাঙ্গোক্তি, কটাক্ষ, শ্লেষের ব্যবহার বইটিকে অনন্য করে তুলেছে। এই ছড়াগুলো পাঠককে যুগপৎ আনন্দ দেবে এবং জ্ঞানেচ্ছু, জিজ্ঞাসু, অনুসন্ধিৎসু করে তুলবে।
বইটির মুদ্রিত মূল্য ১২৫ টাকা। পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় পাঞ্জেরি প্রকাশনীর প্যাভিলিয়নে। প্যাভিলিয়ন নম্বর ২৯। এছাড়া সব অনলাইনে ২৫ শতাংশ ছাড়েও এটি পাওয়া যাবে।