চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মো. শুভ হোসেনের ১২ দফা ইশতেহার ব্রেইল পদ্ধতিতে পাঠ করেছেন এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী।
রবিবার (৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাংলা বিভাগের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আরিফুল ইসলাম ব্রেইল পদ্ধতিতে ইশতেহার পাঠ করেন। তিনি জুলাইয়ে আহত ও শহীদদের স্মরণ করে পাঠ শুরু করেন।
ইশতেহার পাঠকালে আরিফুল ইসলাম বলেন, “আমি শুভ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি ব্রেইল পদ্ধতিতে ইশতেহার পাঠের ব্যবস্থা করেছেন। এটা অন্য কোনো প্রার্থী বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনেও হয়নি। সবাই যেন চাকসুর আমেজকে ভাগাভাগি করে নিতে পারে, এজন্য শুভ ভাই আমাদের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৫৫ কপি ইশতেহার ও প্রচারণা পত্র ব্রেইল পদ্ধতিতে তৈরি করেছেন।”
ব্রেইল পদ্ধতিতে পাঠকৃত ১২ দফা ইশতেহারে স্থান পেয়েছে পরিবেশ, প্রতিবন্ধী শিক্ষার্থীর অধিকার ও সামাজিক দায়িত্ববোধ সম্পর্কিত নানা উদ্যোগ। এর মধ্যে রয়েছে- ‘যত হাজার ভোট, তত হাজার গাছ’ রোপণের উদ্যোগ, ‘ইন্দ্রিয়ভাবে’ ব্লাড ব্যাংক স্থাপন, প্রশাসনিক সেবা নিশ্চিত করতে হটলাইন চালু, পার্টটাইম কর্মসংস্থান সৃষ্টি ও ফ্রি টিউশন মিডিয়া প্রতিষ্ঠা, অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মেধাবী মিল চালু, মাদক ও যৌন হয়রানির বিরুদ্ধে সেল গঠন এবং বন্যপ্রাণীর সুরক্ষায় মনিটরিং সেল প্রতিষ্ঠা।
এছাড়া পরিবেশবাদী সংগঠনগুলোকে একত্রিত করে বর্জ্য ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সেল গঠন, মাতৃত্বকালীন অবস্থায় উপস্থিতির বাধ্যবাধকতা শিথিল ও প্রতি অনুষদে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য গবেষণামুখী ও অবকাঠামোগত সহায়ক নীতিমালা প্রণয়নে জনমত গঠন, সামাজিক অবক্ষয় ও জলবায়ু সংকট মোকাবেলায় নিয়মিত সেমিনার আয়োজন এবং প্লাস্টিক ব্যবহার রোধ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে নীতিমালা গ্রহণের অঙ্গীকারও রয়েছে ইশতেহারটিতে।
এ সময় বন কাগজের তৈরি বিশেষ প্রচারণা পত্র বিতরণ করা হয়, যা মাটিতে ফেললে গাছ জন্মাবে বলে জানা যায়।
আল আরাফ/এসএন