সড়ক দুর্ঘটনায় ৬ জেলায় ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইলে ৪ জন, বরিশালে ২ জন, নড়াইলে ২ জন, ময়মনসিংহে ২ জন, কুমিল্লায় ১ জন ও চাঁপাইনবাবগঞ্জে ১ জনের নিহত হন।
শুক্রবার (১৪ জুন) প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে এমন তথ্য পাওয়া যায়।
টাঙ্গাইল: পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার ভোরে জেলার কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের ছেলে আব্দুল্লাহ আল অক্ষর (৬) ও তার নানিশাশুড়ি হুসইনে আরা (৬৮) এবং কুমিল্লা জেলার মুরাদনগর থানার কুদ্দুস মিয়ার ছেলে প্রাইভেটকারের চালক আবুল হোসেন (৩৮) এবং কুড়িগ্রামের নুরুজ্জামান হুদা। এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার সকাল ৭টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ থানার বাখরকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজিচালিত অটোরিকশার চালক সাইদুল ইসলাম (৪০) ও যাত্রী শিশু জায়ান (৪)। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নড়াইল: নড়াইল-ঢাকা মহাসড়কের হাওয়াইখালী সেতু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম শেখ (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম জেলার লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের ওহিদ শেখের ছেলে। তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় বাহাদুর মিয়া (৩২) নামে এক কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগণ্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাহাদুর মিয়া নোয়াখালীর সুবর্ণপুর উপজেলার চরভাঙ্গা গ্রামের মৃত মিরাজ মিয়ার ছেলে। মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এসএম লোকমান হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মাসুদ মিয়া (৪০) ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় শিশুসহ আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার বেলা ১১টায় নান্দাইল চৌরাস্তা থেকে কেন্দুয়া রোডের দক্ষিণ বাঁশহাটির বুটান নামের জায়গায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর বাস আটক হলেও বাসচালক পলাতক রয়েছেন। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মজিদ জানান, নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে জেলার কল্যাণপুর এলাকার ফকল্যান্ড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান নাচোল উপজেলার নেজামপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।