সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় ছয়দিন বন্ধ থাকবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর। এ সময় সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চৌকির সব কার্যক্রম সচল থাকবে। ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীরা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) এ এস এম আকরাম সম্রাট স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই চিঠিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংরাবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এই তিনটি সংগঠন মিলে সিদ্ধান্ত গ্রহণ করে যে, আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে এ সময় বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
এ সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস ও আমদানি-রপ্তানিকারক সমিতি এবং সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনকে পাঠানো হয়েছে।
আগামী ১৫ অক্টোবর (মঙ্গলবার) থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে।
বুড়িমারী স্টেশনের এসি বলেন, ‘আমাদের পাসপোর্টধারী যাত্রী পারাপারের কার্যক্রম চালু থাকবে। এ সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আমাদের অফিস খোলা থাকবে ও দপ্তরের দাপ্তরিক কাজ চলমান থাকবে।’
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক আহসান হাবীব সরকার পলাশ বলেন, ‘দূর্গাপূজা উপলক্ষে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চৌকির সব কার্যক্রম সচল থাকবে। পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।’
এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান বলেন, ‘সরকারি ছুটির দিন ব্যতীত বুড়িমারী স্থলবন্দরের অভ্যন্তরের আমাদের সব কার্যক্রম চলমান থাকবে।’
মিনহাজ পারভেজ/সাদিয়া নাহার/