কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ও ছোট ভাইয়ের লাঠি ও দেশীয় অস্ত্রের আঘাতে মেজো ভাই জুমারত আলীর (৫৫) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে গত ৩ ডিসেম্বর দুপুরের দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন সরকার পাড়া গ্রামে জুমারতকে পিটিয়ে গুরুত্বর আহত করেন বড় ভাই জিয়ারত ও ছোটভাই আজব আলী।
বুধবার (১ জানুয়ারি) সকালে জুমারতের মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসলে হত্যাকারীদের বিচারের দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেন স্বজন এবং এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ৩ ডিসেম্বর দুপুরে তিন ভাইয়ের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বড় ও ছোট ভাইয়ের হাতে থাকা দেশীয় অস্ত্র ও লাঠী দিয়ে মাথার পিছনের দিকে আঘাত করে পালিয়ে যান। এ সময় স্থানীয়রা জুমারতকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে, উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ ২৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রাতে জুমারতের মৃত্যু হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, 'নিহতের ছেলে মেহেদি হাসান বাদী হয়ে চারজনের নামে মামলা করায় জিয়ারত আলী, কাশেম আলী, হাশেম আলী ও আজব আলীকে গ্রেপ্তার করা হয়েছে।'
মিলন উল্লাহ/জোবাইদা/