সিনিয়র সচিব পদমর্যাদার মেক্সিকোর রাষ্ট্রদূত পদে দায়িত্বরত মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে প্রতারণার অভিযোগে ফাহিম আহমেদ (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে সিলেট নগরীর রায়নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ জানায়, ফাহিম আহমেদ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দেওগাঁওয়ের রফিক মিয়ার ছেলে। তিনি রায়নগরের ৫২নং বাসায় থাকতেন। তিনি নিজেকে মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ও বিভিন্ন নামিদামি স্কুলে ভর্তিসহ নানা বিষয়ে বিভিন্নজনের তদবিরের চেষ্টা করেছেন। বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে অবহিত করেন তার সাবেক সহকর্মী সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী। এ সময় প্রতারক ফাহিমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন মুশফিকুল ফজল আনসারী।
পরে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী। মামলার পর পুলিশ তথ্য ও প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার দিবাগত রাতে ফাহিমকে সিলেট নগরের রায়নগর থেকে গ্রেপ্তার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রতারকের বিষয়টি জানার পর রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ক্ষুব্ধ হন এবং ফাহিমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। এরপর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম স্যারের দিকনির্দেশনায় তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, এই প্রতারকের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রতারক ফাহিম বিগত সরকারের সময়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের আত্মীয় পরিচয়ে নানা ধরনের প্রতারণা করে আসছিল। এমন বেশ কিছু তথ্য পুলিশের হাতে এসেছে।
জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, এ ধরনের প্রতারক থেকে সবাইকে সাবধান থাকতে হবে। সেই সঙ্গে প্রয়োজনে পুলিশের সহায়তা গ্রহণের পরামর্শ দেন তিনি।
তাওফিক/