নোয়াখালীর হাতিয়া উপজেলার এক শিশু মাত্র আট মাসে সম্পূর্ণ পবিত্র কোরআন মজিদ মুখস্থ করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
১০ বছর বয়সি এই শিশুর নাম আল-আমীন। তিনি উপজেলার সেন্টার বাজারস্থ মারকাযুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী।
জানা গেছে, আল-আমীন হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বিরবিরি গ্রামের বাসিন্দা ও ওমান প্রবাসী নেছার উদ্দিনের ছেলে। তিন ভাইবোনের মধ্যে সে সবার ছোট। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও মেধাবী হিসেবে পরিচিত ছিল আল-আমীন।
শনিবার (২০ জুন) দুপুরে সেন্টার বাজার মারকাযুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে তার এ অসাধারণ অর্জনের প্রশংসা করেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মওলানা রফিকুল ইসলাম জানান, ২০২৫ সালে আল-আমীন নাজেরা বিভাগে ভর্তি হয়। পরে হিফজ বিভাগে ভর্তি হয়ে অত্যন্ত নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে কোরআন মুখস্থ করতে থাকে। মাত্র ৮ মাস ৩ দিনের মধ্যেই সে সম্পূর্ণ কোরআন হিফজ সম্পন্ন করে, যা সত্যিই বিস্ময়কর।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর কোরআন হিফজ সম্পন্ন করতে সাধারণত দুই থেকে আড়াই বছর সময় লাগে। সেখানে আল-আমীন অল্প সময়ে এ কৃতিত্ব অর্জন করেছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তায়ালা যেন তাকে দ্বীনি জ্ঞান ও উত্তম চরিত্রে সমৃদ্ধ করে দেশের একজন যোগ্য আলেম হিসেবে গড়ে তোলেন।
মাদরাসার শিক্ষকরা জানান, আল-আমীন অত্যন্ত পরিশ্রমী ও একাগ্রচিত্তের শিক্ষার্থী। নিয়মিত অনুশীলন এবং গভীর মনোযোগের কারণেই সে স্বল্প সময়ে এমন সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
স্থানীয় বাসিন্দা ইয়াসিন আরাফাত পারভেজ খবরের কাগজকে বলেন, আল-আমীনকে ছোটবেলা থেকেই চিনি। সে খুবই ভদ্র ও মেধাবী। তার এই অর্জনে আমরা গর্বিত।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ফজলুর রহমান (সারোয়ার) কাসেমী, সেন্টার বাজার বণিক সমিতির সভাপতি আনোয়ার হোসাইন এবং মওলানা হাফেজ নিজাম উদ্দিন। এছাড়াও আল-আমীনের মা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
আল-আমীনের মা-বাবা তাদের সন্তানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন, যেন সে ভবিষ্যতে আরও বড় ইসলামী শিক্ষাবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।
উল্লেখ্য, সেন্টার বাজার মারকাযুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসায় বর্তমানে নাজেরা ও হিফজ বিভাগে প্রায় ৯০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।
হানিফ উদ্দিন সাকিব/এসএন