মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম হোসেন (২১) ও আব্দুল্লাহ আল বাকি (২০) নামে দুই কলেজছাত্র নিহত হয়েছেন।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে এবং আব্দুল্লাহ আল বাকি একই গ্রামের সৌরভ হোসেন সেন্টুর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে একটি মোটরসাইকেলে সিয়াম ও আব্দুল্লাহ বাড়ি ফেরার সময় আকুবপুর মাঠের ভিতর পৌঁছালে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের (যার নম্বর কক্সবাজার জ-০৪ ০০২১ ) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিয়াম হোসেন মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ আল বাকিকে নিয়ে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার সময় মিরপুর নামক স্থানে তারও মৃত্যু হয়।
স্থানীয় লোকজন বাসটি আটক করে। তবে মোটরসাইকেলের দ্রুতগতি দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, মরদেহ এবং দুর্ঘটনা কবলিত যান দুটি হেফাজতে নিয়েছে পুলিশ।
বেন ইয়ামিন/মেহেদী