রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী মেহেদী হাসান মুহিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে ফুদকিপাড়া এলাকার এবেলা ছাত্রাবাসের নবম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থী রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি রংপুরে।
রংপুর জেলা সমিতির সদস্য ও রুয়েটের শিক্ষার্থী রাফি আল হাসান বলেন, ‘রংপুরে একই স্কুলে পড়াশোনা করলেও সিনিয়র ছিলেন মুহিব ভাই। রুয়েটে রংপুর জেলা সমিতির সক্রিয় সদস্য ছিলেন তিনি। বন্ধুর মাধ্যমে জানতে পেরে রাতেই ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পাই। সেখানে রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ ও ফরেনসিক বিভাগের লোকজনও উপস্থিত ছিলেন। খুবই উৎফুল্ল মনের একজন মানুষের এমন মৃত্যু মানতে পারছি না।’
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‘ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসে যে সিদ্ধান্ত নেবে সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
সুমন/