মেধা বিকাশের জন্য শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে ফটিকছড়ি শাহনগরে শফিউল আজম স্মৃতি প্রগতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘খেলাধুলা মানুষের দেহ-মনকে সতেজ করে। ছোটদের পাশাপাশি বড়দেরও খেলাধুলা করা উচিত। শিশুদের মোবাইল আসক্তি থেকে দুরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
কাদের গণি চৌধুরী বলেন, ‘এখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে খেলার মাঠ হারিয়ে যাচ্ছে। ফলে খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে শিক্ষার্থীরাও। প্রত্যেক গ্রামে খেলার মাঠ দরকার।’
তিনি বলেন, ‘স্মার্টফোনের এ যুগে মোবাইলে ভিডিও গেম খেলতে খেলতে সত্যিকারের খেলা হারিয়ে যাচ্ছে। এক সময় হাডুডু, কানামাছি, দাঁড়িয়া বান্ধা, ডাংগুলি, কিত কিত, গোল্লাছুট, বাইস্কোপ, ঘুড়িখেলা, দঁড়িখেলা, লাঠিখেলা গুলো ছিল এখন নেই। অনেকে এ খেলা গুলোর নামও ভুলে যেতে বসেছে।’
লেলাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রগতি সংঘের সাধারণ সম্পাদক মোস্তফা কামরুলের সঞ্চালনায় খেলায় প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী।
এ ছাড়াও বক্তব্য রাখেন, দাঁতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বার, লেলাং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও শাহনগর স্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য মাহাবুবুল আলম প্রমুখ।
খেলায় টিম স্ট্রংগার ইলেভেন ট্রাইবেকারে বাবুনগর ইয়ংস্টার ক্লাবকে হারিয়ে জয়লাভ করে। পরে প্রধান অতিথি বিজয়ীদের ট্রফি তুলে দেন।
সুমন/