মঞ্চে ছিলেন তামিম-মুশফিকরা। কিন্তু কেউ কোনো বক্তব্য রাখলেন না। কোনো সেলফি তোলার সুযোগও পেলেন না দর্শকরা। খেলোয়াড়রা শুধু হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে ট্রফি উঁচিয়ে দেখালেন, তারপর বিদায়! মুহূর্তেই উচ্ছ্বাস বদলে গেল হতাশায়। কষ্ট করে অপেক্ষা করা দর্শকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে এবং সেই হতাশাই রূপ নেয় ক্ষোভে। ক্ষোভ থেকে শুরু হয় চেয়ার ছোঁড়াছুঁড়ি। পরে মঞ্চ ভাঙচুর করে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালে বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দলের সংবর্ধনাকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটে। এ সময়ে গণমাধ্যমকর্মীসহ অর্ধশত আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরচুন বরিশাল দলের সংবর্ধনা অনুষ্ঠান উপভোগ করতে এবং প্রিয় খেলোয়াড়দের কাছ থেকে দেখতে দুপুর ১টা থেকেই বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক জনসমুদ্রে পরিণত হয়। তীব্র রোদ উপেক্ষা করে ক্রিকেটপ্রেমীরা ভিড় জমাতে থাকেন। কিন্তু মঞ্চে উঠে হাত নেড়ে আর ট্রফি দেখিয়ে খেলোয়াড়রা মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে বিদায় নেন। এরপরই দর্শকরা চেয়ার ছুঁড়তে শুরু করেন। চলে ভাঙচুর।
মো. রাসেল হোসেন খবরের কাগজকে বলেন, ‘অনুষ্ঠানটি পুরোপুরি উপভোগের জন্য ঝালকাঠী থেকে এসেছি। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও শান্তকে কাছ থেকে দেখার জন্য। কিন্তু আয়োজকরা প্রতিশ্রুতি বজায় রাখেননি। প্রিয় খেলোয়াড়রা মঞ্চে খুবই অল্প সময় অবস্থান করেছেন। এতে দর্শকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে তারা মঞ্চ ভাঙচুর করেন।’ তিনি আরও বলেন, ‘আয়োজকদের গাফিলতির কারণে এমনটি ঘটেছে।’ তবে এ বিষয়ে ফরচুন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।