জাহাজ ভাঙা শিল্পের কারণে চট্টগ্রামের নদী ও সমুদ্রের পানি চরমভাবে দূষণের শিকার হচ্ছে। যে কারণে বহুজাতিক মাছ, প্রাণিসম্পদ ও মানুষ বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। জাহাজ ভাঙা শিল্পসৃষ্ট চরম বিপর্যয় থেকে চট্টগ্রামের নদী-সমুদ্র-প্রাণিকে সুরক্ষা দিতে হবে। পরিবেশ বিধ্বংসী এই শিল্পের হাত থেকে পরিবেশ বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জাহাজ ভাঙা শিল্পের হাত থেকে পরিবেশ রক্ষার দাবিতে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন বাপসা’র উদ্যোগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বাপসা’র সভাপতি এম.এ হাশেম রাজুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠুর পরিচালনায় প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন পরিবেশবাদী বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস আলী, প্রফেসর ড. আতিকুর রহমান, বাপসা’র প্রধান সমন্বয়ক উত্তম কুমার আচার্য্য, নির্বাহী সহ-সভাপতি বিপ্লব পার্থ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম সরোয়ার খান, সহ-আন্তর্জাতিক সম্পাদক সোনিয়া আফরোজ খান, কেন্দ্রীয় সহ-সম্পাদক জাহেদ তালুকদার, চট্টগ্রাম মহানগর যুগ্ম-সম্পাদক মোহাম্মদ জানে আলম, সহ-সম্পাদক জাহিদুল ইসলাম, ওসমান সরোয়ার খান, কক্সবাজার জেলার সমন্বয়ক সেলিম কায়সার প্রমূখ।
বক্তারা এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজোয়ানা হকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অনুমোদনহীন যত্রতত্র জাহাজ ভাঙার কারণে নদী-সাগরের পানি চরমভাবে দূষিত হচ্ছে। জাহাজ ভাঙা শিল্পের মাধ্যমে মিরসরাই ও সীতাকুণ্ডের পরিবেশ আজ চরমভাবে দূষিত। সীতাকুণ্ডের সমুদ্র উপকূলের ১০ কিলোমিটারের বেশি এলাকায় চলছে নির্বিচারে বালু উত্তোলন, সাগরের মধ্যে ড্রেজার বসিয়ে এই বালু তোলা হচ্ছে। দুষণ এবং ড্রেজারের অত্যাচারের প্রতিনিয় ভেসে আসছে বড় বড় মরা কাছিম ও অন্যান্য প্রাণী।
জাহাজ ভাঙা শিল্পে আন্তর্জাতিক আইন থাকলেও সেটি কেউ মানছে না। প্রতিদিন টন টন দূষিত রাসায়নিক বর্জ্য পানিতে মিশে যাচ্ছে। যা পরিবেশ, মৎস্য ও প্রাণিসম্পদ এবং মানব স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। প্রত্যেক বছর ২০০-৩০০ জন শ্রমিক অকালে মৃত্যুবরণ করেন। সীতাকুণ্ডের কয়েকটি এলাকায় ক্যান্সারের উপদ্রব বেড়েছে। আমরা শিল্পের বিরুদ্ধে নই। তবে পরিবেশকে বাঁচিয়ে আমরা শিল্পকে সম্প্রসারণ করতে চাই। জাহাজ ভাঙ্গা শিল্পকে কীভাবে পরিবেশবান্ধব এবং আইনের ভিতর রাখা যায় সেটা বের করতে হবে। না হয় পরিবেশের দীর্ঘমেয়াদি ক্ষতি হবে।
মাহফুজ