দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ও মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ২৫ মাইলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- মাইক্রোবাসচালক আরিফুল ইসলাম মানিক ও দেলোয়ার হোসেন।
এদিকে মুমূর্ষু অবস্থায় ইমরুল হাসান ও জুলফিকার হোসেনকে ঠাকুরগাঁও হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
বীরগঞ্জ থানা, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নিহতদের পরিবার সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ইমরুল হাসান ঠাকুরগাঁও, দেলোয়ার হোসেন দিনাজপুর এবং জুলফিকার হোসেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের হিসাব রক্ষণ অফিসের অডিটর।
তারা দশ মাইলে আরও কয়েকজন সহকর্মীকে মাইক্রোবাসে নিয়ে রংপুরে প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
বীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মসলেম উদ্দিন খবরের কাগজকে বলেন, ‘মাইক্রোবাস দিয়ে ঠাকুরগাঁও থেকে রংপুরে যাওয়ার পথে বাবলু ফার্মের সামনে বিপরীতমুখী একটি সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।’
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন।’
সুলতান/মেহেদী/পপি/