সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথর এলাকায় প্রতিদিন শতাধিক নৌকা দিয়ে প্রকাশ্য চলে পাথর লুটপাট। এই লুটপাট ঠেকাতে মাঝেমধ্যে প্রশাসন অভিযান চালালেও সেটা তেমন কোনো কাজে আসছে না। তাই এই পাথর লুটপাট প্রতিরোধ করতে গত বৃহস্পতিবার ও শুক্রবার স্থানীয় ফটোগ্রাফাররা সরাসরি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে লুটেরা গোষ্ঠী শনিবার স্থানীয় ফটোগ্রাফার মোহাম্মদ এমাদ আহমদের ওপর হামলা করে।
হামলাকারীরা এ সময় তার ব্যবহৃত ক্যামেরা ছিনিয়ে নেয়। এই ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে রবিবার (২৫ মে) বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় বিভিন্ন সংগঠন।
কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটি, ভোলাগঞ্জ সাদাপাথর ফটোগ্রাফি ক্লাব, সাদাপাথর পর্যটন ইঞ্জিনচালিত নৌকার মাঝি যুব সমিতি এবং ভোলাগঞ্জ সাদাপাথর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের যৌথ আয়োজনে মাবববন্ধন হয়।
মানবনন্ধনে বক্তারা বলেন, যেসব সাহসী তরুণ সম্প্রতি ভোলাগঞ্জে পাথর লুটপাটকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তাদের ওপর হামলা উদ্বেগজনক। এটি শুধু ব্যক্তির নিরাপত্তায় নয়, বরং আইনের শাসন, ন্যায়বিচার এবং পরিবেশ রক্ষার প্রচেষ্টায়ও নির্লজ্জ আঘাত। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিশ্বাস করি, বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন সুমন খবরের কাগজকে বলেন, ‘একটি পর্যটন এলাকা থেকে প্রতিদিনই প্রকাশ্য সাদাপাথর লুট হচ্ছে। প্রশাসন কিছু অভিযান চালালেও স্থায়ী কোনো ব্যবস্থা না নেওয়া হচ্ছে না লুটপাটকারীদের বিরুদ্ধে। তাই এই পাথর লুটপাট বন্ধ করা যাচ্ছে না। বৃহস্পতিবার ও শুক্রবারে ফটোগ্রাফাররা সম্মিলিতভাবে গিয়ে পাথর লুটপাটে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার আমাদের এক ফটোগ্রাফারকে ওই লুটপাটকারীরা মারধর করে গুরুতর আহত করে এবং তার মোবাইল, ক্যামেরাসহ টাকাপয়সা ছিনিয়ে নেয়। তিনি এখন হাসপাতালে ভর্তি। আমরা রবিবার সকালে সাদাপাথরে গিয়েও লুটেরাদের তাড়িয়ে দিয়ে আসছি। যারা নৌকা নিয়ে যেতে পারছে, তারা গেছে। আর যারা পারেনি, তারা নির্দিষ্ট চিহ্ন দিয়ে ডুবিয়ে চলে গেছে। তার মানে তারা আবারও আসবে। তবে প্রশাসন চাইলে এই স্পটটি রক্ষা করতে পারে।’
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার সদস্য জুবায়ের আহমেদ ইমরান, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি ফখর উদ্দিন, সিনিয়র সহসভাপতি আনোয়ার সুমন, সাদাপাথর পর্যটন ইঞ্জিনচালিত নৌকার মাঝি যুব সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আইনুল ইসলাম, সেক্রেটারি মঈনুদ্দিন, ক্যাশিয়ার বাবুল মিয়া, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সহসভাপতি জাবেদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আলম, মেহরাব হোসেন মিন্নত, সিমায়, রাসেল, সাচ্চা মিয়া, আক্তার হোসেন রাফি, ইব্রাহিম, কাউছার, স্বপন, খোকন শর্মা, জুবায়ের, রিফাত এবং ভোলাগঞ্জ সাদাপাথর ফটোগ্রাফি ক্লাবের আফজাল হোসেন, জামিল, বারেক, তানজিল, পাভেল, মোহাইমিন, মহিবুর রহমান প্রমুখ।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘মামলাটি প্রক্রিয়াধীন। আমরা চেষ্টা করছি অভিযুক্তদের আটক করতে। আর সাদাপাথরে লুটপাট বন্ধে নিয়মিত অভিযান চলছে। রবিবারও তিনজনকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজকেও অভিযান অব্যাহত আছে।’
অমিয়/