গাইবান্ধা রেলস্টেশনে কর্তব্যরত এক স্টেশন মাস্টার ও যাত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত ৩৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শনিবার ( ১৪ জুন) বেলা দেড়টার দিকে গাইবান্ধা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা গেছে, গাইবান্ধা রেল স্টেশন মাস্টার আবুল কাশেমকে টি শার্টের কলার ধরে এক যুবক কিল ঘুষি মারছেন। এক পর্যায়ে মাস্টার মাটিতে পড়ে যান। পরপরই স্টেশন মাস্টারও পাল্টা ঘুষি মারেন। এরপর দেখা যায়, পরিস্থিতি সামলাতে কয়েকজন এগিয়ে আসছেন।
এ বিষয়ে গাইবান্ধা রেল স্টেশন মাস্টার আবুল কাশেম মুঠোফোনে বলেন, ‘আজ সকালে গাইবান্ধা স্টেশনে লালমনি এক্সপেস আসলে যাত্রীরা ওঠানামা করতে থাকেন। যাত্রীদের খুব চাপ ছিল। আমি সামনের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি ঝামেলা। এরপর সেখানে যাই। দেখি কয়েকজন নারী যাত্রীকে ট্রেন থেকে ওই যুবক নামতে দিচ্ছেন না। পরে তাকে বলছি, আগে নারী যাত্রীদের নামতে দেন। তারপর ট্রেনে ওঠেন। এই কথা বলায় ওই যুবক উত্তেজিত হয়ে আমাকে কিলঘুষি মারতে শুরু করেন। পুলিশও আমার সঙ্গে ছিল। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ সময় মানুষের ভিড়ে ওই যুবক পালিয়ে যান।’
আনোয়ারুল নামের এক যাত্রী বলেন, ‘স্টেশনে হঠাৎ দুইজনের মধ্যে মারামারি। সেখানে রেল পুলিশ উপস্থিত ছিল। কী নিয়ে তাদের মধ্যে মারামারি হচ্ছে সেটা জানা নেই। তবে এ ঘটনায় স্টেশনজুড়ে উদ্ভূত পরিস্থিতিতে পড়ে সাধারণ যাত্রীরা।’
শাওন নামের একযাত্রী বলেন, ‘ট্রেন থামতেই, ওই যুবক গাড়িতে উঠতে চেষ্টা করেন। এতে ধাক্কাধাক্কি শুরু হয়ে। এ নিয়েই মারামারি শুরু।’
রফিক খন্দকার/সুমন/