চট্রগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাওলানা মোহাম্মদ আইয়ুব নামে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইলেকট্রিক সিগারেট ও সরঞ্জাম উদ্ধার করেছে দায়িত্বরত এনএসআই টিম।
রবিবার (২২ জুন) সকালে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
মাওলানা মোহাম্মদ আইয়ুব (পাসপোর্ট নং: A11118293) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, রবিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই টিম ও নিরাপত্তা শাখা আবুধাবি থেকে আগত যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইলেকট্রিক সিগারেট ও সরঞ্জাম জব্দ করেছে। যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৭৩ হাজার টাকা। প্রথমবারের মতো অভিযুক্ত হওয়ায় মালামাল জব্দ করে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, রবিবার ভোর ৬টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৫০ চট্টগ্রামে অবতরণ করে। ওই বিমানের যাত্রী মোহাম্মদ আইয়ুব বেল্ট থেকে তার ব্যাগেজ সংগ্রহ করে কাস্টমসের গ্রিন চ্যানেল পার হয়ে চলে যাওয়ার সময় দায়িত্বরত এনএসআই টিম গোপন তথ্যের ভিত্তিতে ওই যাত্রীকে সরিয়ে এনে ব্যাগেজ তল্লাশির চ্যালেঞ্জ জানায়। এরপর সকাল ৭টা ১০ মিনিটে তার ব্যাগ তল্লাশি করে ২০টি ইলেকট্রিক সিগারেট (বাজারমূল্য ৪০ হাজার টাকা), ৪৯০ টি সিগারেট রিফিল লিকুইড (৮ লাখ ৩৩ হাজার), ২৮০ টি সিগারেট কার্টিজ (বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা) এবং ৩০ টি সিগারেট কয়েল (৬০ হাজার টাকা) জব্দ করা হয়।
তারেক/মেহেদী/