ফরিদপুর শহরের গুহ লক্ষ্মীপুর রেলওয়ে বস্তিতে যৌথ বাহিনী অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্রসহ ১৫ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) মধ্যরাতে এ অভিযান চালানো হয়।
ফরিদপুর সেনাবাহিনী ক্যাম্প জানায়, কয়েক সপ্তাহ ধরে ফরিদপুর আর্মি ক্যাম্পে গুহ লক্ষ্মীপুর রেলওয়ে বস্তিতে চলমান মাদক পাচার, জোরপূর্বক দখলদারিত্ব এবং স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে একাধিক অভিযোগ আসছিল। গোপন সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, শিল্পি বেগম ও তার পরিবার এলাকায় একটি সুসংগঠিত মাদক নেটওয়ার্ক পরিচালনা করছেন। যেখানে নারীদের ব্যবহার করে প্রকাশ্যে ইয়াবা, গাঁজা ও হেরোইন বিক্রি করা হচ্ছিল। অনুসন্ধানে উঠে আসে, শিল্পির সঙ্গে ভারতীয় মাদক পাচার চক্রের সরাসরি যোগাযোগ রয়েছে এবং ভারত থেকে গাঁজা এনে এ এলাকায় সরবরাহ করে একটি অবৈধ অর্থনৈতিক প্রভাব বিস্তার করে আসছিলেন।
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ১৫ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও পুলিশ যৌথভাবে একটি বিশেষ অভিযান চালায়। এ সময় তাৎক্ষণিকভাবে সাতজনকে মাদক বিক্রির সময় আটক করা হয়। পরে এলাকাজুড়ে তল্লাশি ও বস্তির কেন্দ্রে অবস্থিত শিল্পির বাড়িতে অভিযান চালিয়ে তাকে এবং আরও আটজনকে আটক করা হয়। অভিযানে শিল্পির বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং মোবাইল ফোন জব্দ করা হয়, যা দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ভীতি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আসছিল তারা।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযানে ৪৫.৫ কেজি গাঁজা, ৩৩৭টি ইয়াবা ট্যাবলেট, ২১১টি হেরোইনের প্যাকেট, ৬১টি দেশীয় অস্ত্র, দুটি বিদেশি মদের বোতল, ৯টি ফিচার ফোন এবং ১০টি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়। আটক ১৫ জনকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন।
সঞ্জিব/রিফাত/