সিরাজগঞ্জের তাড়াশে নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার শাজাহানপুর সদর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- তাড়াশ উপজেলার চককলামুলা গ্রামের বাসিন্দা কফিল উদ্দিন ও বগুড়ার শেরপুর উপজেলার রানীরহাট বেওড়াপাড়া গ্রামের বাসিন্দা এনামুল হক।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে গত ১৫ মে বগুড়ার শেরপুর এলাকা থেকে ভুক্তভোগীকে তাড়াশে নিয়ে যায় অভিযুক্তরা। পরে রানীরহাট উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকায় তাকে ধর্ষণ করে মো. কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, এনামুল হক এনাসহ আরও দুজন।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত ১৬ মে তাড়াশ উপজেলার চককলামুলা গ্রামের বাসিন্দা কফিল উদ্দিন (২৫), বগুড়ার শেরপুর উপজেলার রানীরহাট বেওড়াপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (৪৪) ও একই গ্রামের এনামুল হকসহ (২৫) অজ্ঞাত আরও দুজনকে আসামি করে তাড়াশ থানায় মামলা করেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তসহ বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
শিশির/সালমান/