ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলামসহ ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নিত্যানন্দনপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিজিডি কর্মসূচির আওতায় চাল বিতরণের জন্য কার্ড প্রদানের তালিকায় নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম তার পছন্দের কিছু লোকের নাম অন্তর্ভুক্ত করতে বলেন। কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে সেই অনুযায়ী কার্ড না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ২০-২৫ জন অনুসারীসহ পরিষদে হাজির হন। এ সময় তিনি ইউনিয়ন সচিব হাফিজুর রহমানকে টেনে-হিঁচড়ে পরিষদ থেকে তুলে নিয়ে যান। একই সঙ্গে পরিষদের ভেতরে থাকা সেবাপ্রত্যাশী ও কর্মচারীদের আটকে রেখে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। সচিবকে তুলে নিয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গেলে সেনাবাহিনী ওই বিএনপি নেতাসহ ছয়জনকে আটক করে। উদ্ধার করা হয় সচিব হাফিজুর রহমানকে।
এদিকে ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও শৈলকুপা থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ঘণ্টা পর তালা ভেঙে আটকদের উদ্ধার করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান খবরের কাগজকে বলেন, ‘পরিষদে তালা দেওয়ার ঘটনায় বিএনপি নেতাসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস খবরের কাগজকে বলেন, ‘ইউনিয়ন পরিষদে তালা দিয়ে সচিবকে তুলে নিয়ে তারা উপজেলায় আসে। এ ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। সরকারি কার্যালয়ে তালা দেওয়ার অপরাধে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করেছে।’
মাহফুজ/রিফাত/