ফরিদপুরে নির্বাচন কমিশনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে। বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা ও ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
নির্বাচন কমিশনের সম্প্রতি গেজেটে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন ও হামিরদী ইউনিয়ন দুটি নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করায় ঢাকা-খুলনা মহাসড়ক ও ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক গাছ কেটে ও ট্রায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুটি ইউনিয়নের সীমান্তবর্তী হামিরদী বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী বাসস্ট্যান্ডসহ কয়েকটি জায়গায় মহাসড়কের রাস্তায় গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দেওয়া হয়। এ সময় দুটি মহাসড়কের প্রায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
অবরোধকারীরা বলেন, ‘১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে ভাঙ্গা উপজেলাবাসী এক আত্মার বন্ধনে একটি পরিবার। সম্প্রতি নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত আমরা মানি না। অতি দ্রুত নির্বাচন কমিশন দুটি ইউনিয়নকে পুনরায় ভাঙ্গার সঙ্গে যুক্ত রাখার দাবি জানাই। আর যতক্ষণ পর্যন্ত এই দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখা হবে।’
রাস্তা অবরোধ করার কারণে, দুটি মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যানবাহন আটকা পড়েছে। অ্যাম্বুলেন্সসহ জরুরি কাজে ব্যবহৃত গাড়িগুলো ছাড়া কোনো কিছুই তারা যেতে দিচ্ছেন না।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুটি মহাসড়কে রাস্তায় গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রেখেছে স্থানীয়রা। সম্পতি নির্বাচন কমিশনের সিদ্ধান্তে দুটি ইউনিয়ন ভাঙ্গা থেকে নগরকান্দায় যুক্ত হওয়ায় তারা অবরোধ করছেন বলে তিনি জানান।
এর আগে গত শুক্রবার প্রায় সাত ঘণ্টা ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের পুরোপুরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় অবরোধকারীরা। পরে তিন দিনের আল্টিমেটাম দিয়ে ওইদিন সন্ধ্যায় অবরোধ প্রত্যাহার করেন তারা।
সঞ্জিব দাস/অমিয়/