চুয়াডাঙ্গা শহরের আবাসিক হোটেল থেকে মামুনুর রহমান মাসুম (৩৫) নামে এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহরের চুয়াডাঙ্গা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মামুনুর রহমান মাসুম চুয়াডাঙ্গা পৌর এলাকার সবুজপাড়ার মজিবুর রহমানের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করতেন।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মাসুম তিন বন্ধুকে নিয়ে চুয়াডাঙ্গায় ঘুরতে এসে এই হোটেলে ওঠেন। হোটেলের ম্যানেজার সাগর জানান, তারা তিনজনই নেশাগ্রস্ত ছিলেন। পরে মাসুমের দুই বন্ধু চলে গেলেও তিনি হোটেলেই থেকে যান।
ম্যানেজার আরও জানান, মাসুম কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বন্ধুরা তাকে হাসপাতালে নিতে চাইলে তিনি রাজি হননি। শনিবার সকালে হোটেলের চতুর্থ তলা থেকে কান্নার শব্দ শুনে ওপরে গেলে দেখা যায়, মাসুমের স্বজনরা কান্নাকাটি করছেন। এ সময় পরামর্শ দেওয়া হয় তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। পরে দেখা যায়, তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং তিনি মারা গেছেন। এরপর স্বজনরা জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে আসে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পেয়ে হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সিআইডি ও পিবিআইকে ডাকা হয়েছে, তারা তদন্ত করবে। পাশাপাশি পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে। আইনি প্রক্রিয়া চলমান।
মিজানুর রহমান/রিফাত/