হাটহাজারী-রাউজান সড়কে বাসচাপায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সোহেল চৌধুরী নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রামে সড়ক অবরোধ চলছে। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগে বুধবার (৮ অক্টোবর) চট্টগ্রাম উত্তর জেলায় সকাল-সন্ধ্যা অবরোধের ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
এর ফলে বুধবার সকাল থেকে চট্টগ্রাম উত্তরের বিশেষ করে অক্সিজেন থেকে হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজানগামী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ি ও রাঙামাটির গণপরিবহনও বন্ধ আছে। ফলে চট্টগ্রামের সঙ্গে উত্তরাঞ্চল ও পার্বত্য জেলাগুলোর সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মুফতি কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে তাকে দুইবার গুম করা হয়েছিল। এবার মোটরসাইকেল যোগে যাওয়ার সময় পেছন থেকে সুপরিকল্পিতভাবে বাসচাপা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আজ সকাল-সন্ধ্যা অবরোধ পালন করা হচ্ছে।”
মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের রাউজান এলাকায় ট্রাকচাপায় সোহেল চৌধুরীর মৃত্যুর খবর পাওয়া যায়। তবে এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে হেফাজত।
কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম বলেন, “আমরা গতকাল রাউজান থানায় মামলা করতে গেলে পুলিশ নানা টালবাহানা করে এবং ঘটনাটি নিজেদের মতো করে লেখার চেষ্টা করে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এর সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
বুধবার সকালে দেখা যায়, অবরোধ কর্মসূচির কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক ও চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী ও সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, মাওলানা সোহেল চৌধুরী দীর্ঘদিন ধরে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বাড়ি সন্দ্বীপ উপজেলায় হলেও গত ১৭ বছর ধরে তিনি পরিবারসহ হাটহাজারীতে বসবাস করছিলেন। বিগত সরকারের আমলে তিনি একবার গুমের শিকারও হয়েছিলেন।
মেহেদী/