চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি বসতঘর থেকে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার পুরাণগড় ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের মোস্তাক আহমদের বসতঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।
পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে অজগরটি বন ছেড়ে লোকালয়ে চলে এসেছে বলে ধারণা বন বিভাগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের। উদ্ধারের পর অজগরটি পদুয়া রেঞ্জের আওতাধীন টংকাবতী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্তের জন্য নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমদ বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আমার বসতঘরের একটি কক্ষে অজগর সাপটি দেখতে পাই। পরে স্থানীয়দের সহযোগিতায় অজগরটিকে সেখান থেকে বের করে একটি রশি দিয়ে বেঁধে রাখি। পরদিন সকালে বন বিভাগকে খবর দেওয়া হলে তারা এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান।
বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মো. বজলুর রশিদ খবরের কাগজকে বলেন, খাবারের সন্ধানে অজগরটি বনাঞ্চল ছেড়ে লোকালয়ে চলে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। অজগরটি প্রায় ৭ ফুট লম্বা এবং ওজনে প্রায় ৮ কেজি। স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অজগরটি উদ্ধার করে টংকাবতী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
আরিফুল ইসলাম/সুমন/