রাজধানীর শাহবাগে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে দিনাজপুরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে আংশিক কর্মবিরতি পালিত হচ্ছে।
শনিবার (৯ নভেম্বর) জেলার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, কোথাও ক্লাস কার্যক্রম সীমিত আকারে চলছে, আবার কোথাও পুরোপুরি বন্ধ।
দিনাজপুর ঘাসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, শিক্ষকরা স্বাভাবিকভাবে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে দিনাজপুর শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।
এ সময় সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসী জানান, ঢাকার শাহবাগে সহকর্মীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়ে তারা এই প্রতিবাদে অংশ নিয়েছেন।
তাদের ভাষায়, ‘আমরা ক্লাস নিচ্ছি ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে আমরা আন্দোলনের বাইরে। আমরা শাহবাগের আন্দোলনের সঙ্গে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছি।’
শিক্ষক রশিদা বেগম বলেন, ‘শিক্ষকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আমরা অলিখিত কর্মবিরতি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’
সহকারী শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদোন্নতিতে বৈষম্য দূর করা, শিক্ষকদের মর্যাদা ও আর্থিক সুবিধা বৃদ্ধি, এবং শিক্ষক নিয়োগ ও বদলিতে স্বচ্ছতা নিশ্চিত করা।
দিনাজপুরের বিভিন্ন স্কুলে শিক্ষকদের এই অবস্থান কর্মসূচির কারণে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আংশিক ব্যাহত হচ্ছে বলে অভিভাবকরা জানিয়েছেন।
দিনাজপুর জেলায় ১ হাজার ২৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
সুলতান মাহমুদ/অমিয়/