চট্টগ্রামের রাউজানে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তার কাছ থেকে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার বিকেলে নোয়াপাড়া ইউনিয়নের সামনে শহিদুল ইসলাম নামক এক ব্যাক্তিকে চাঁদার দাবিতে বেধড়ক পিটিয়ে সন্ত্রাসীরা সিএনজি অটো রিকশায় পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জানা যায়, আহত শহিদুল ইসলাম নোয়াপাড়া পথেরহাটের ‘কলিম উল্লাহ টাওয়ার’ নামে একটি বিপণি বিতানের মালিক এবং এলাকার বাসিন্দা কলিম উল্লাহর ছেলে।
ভুক্তভোগী শহিদুল ইসলাম দৈনিক খবরের কাগজকে বলেন, তার টাওয়ার নির্মাণের পর এক বছর ধরে এলাকার কিছু সন্ত্রাসী তার কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবি মেটাতে ইতোমধ্যে ৭ লাখ টাকা দেওয়া হলেও তারা নিয়মিত ফোনে হুমকি দিচ্ছিল।
তিনি বলেন, “বিকেলে মাছের খামারে খাবার দিয়ে ফেরার সময় তাহেরিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে গিয়াস উদ্দিন ও সুমনসহ ৫-৬ জন আমাকে তাড়া করে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। মারার একপর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি।”
আহতের স্ত্রী লুৎফুন্নেছা মুন্নি বলেন, “আমার স্বামী একজন ব্যবসায়ী, এভাবে কেন তাকে রাস্তায় মারধর করা হলো? আমি বুঝে উঠতে পারছি না। তাদের টাকার প্রয়োজন হলে দিতাম, কিন্তু এভাবে পেটালেন কেন? আমার স্বামীকে যারা মেরেছে তাদের বিচার চাই।” তিনি জানান, হামলাকারীরা দুটি স্মার্টফোন ও ২৬ হাজার টাকা নিয়ে গেছে।
এ ব্যাপারে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মামুন ভুইয়া বলেন, মৌখিকভাবে ঘটনার বিষয়ে শুনেছি। তবে কেউ এখনও লিখিতভাবে অভিযোগ করে নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দিদারুল/মাহফুজ