চুয়াডাঙ্গায় পুলিশের বাৎসরিক ফায়ারিং অনুশীলনের সময় বাবু হোসেন (৩২) নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পে পুলিশের মাস্কেট্রি ফায়ারিং চলার সময় এ দুর্ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
বাবু হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মন্ডলপাড়ার বাসিন্দা এবং তিনি হামিদ উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, বাবু মোটরসাইকেলে হায়দারপুর থেকে সাতগাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় একটি বুলেট তার বুকের বাম পাশে আঘাত করে। স্থানীয়রা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বুলেট অপসারণ ও উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় জানান, ভুক্তভোগীর বুকের বাম পাশে প্রায় এক ইঞ্চি গভীরে বুলেটটি বিদ্ধ হয়েছে। সদর হাসপাতালে অস্ত্রোপচার সম্ভব না হওয়ায় রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সব নিয়ম মেনে এবং জনসাধারণকে সতর্ক করেই দুই দিনব্যাপী ফায়ারিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। গুলি কীভাবে পথচারীর গায়ে লাগল, তা তদন্ত করা হচ্ছে।’
মিজানুর রহমান/নাঈম