নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ঘাটে ফেরি পারাপারের সময় ট্রাকের ধাক্কায় অটোরিকশা, ভ্যানসহ কয়েকটি যান ধলেশ্বরী নদীতে পড়ে গেছে। এ ঘটনায় স্বাধীন নামে একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নৌপুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফেরীটি মাঝ নদীতে থাকা অবস্থায় ট্রাকচালক ইঞ্জিন চালু দিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তাবলী ঘাট থেকে ছোট-বড় প্রায় ২০টি যানবাহন নিয়ে একটি ফেরি ধলেশ্বরী নদী পার হচ্ছিল। ফেরীটি মাঝ নদীতে পৌঁছালে হঠাৎ একটি ট্রাকের চালক ইঞ্জিন চালু দেন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি অটোরিক্সা, একটি ভ্যানগাড়ি ও দুটি মটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীকে পড়ে তলিয়ে যায়। এতে স্বাধীন নামে এক ভ্যানচালক নদীতে পড়ে নিখোঁজ হন। অন্যরা সাঁতরে তীরে ওঠেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল-নৌপুলিশ নিখোঁজ যুবকসহ যানবাহন উদ্ধারে চেষ্টা করছে বলে জানিয়েছেন বক্তবলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক রকিবুজ্জামান।
বিল্লাল/মেহেদী/