চট্টগ্রামের আনোয়ারায় চাঁদা আদায়কে কেন্দ্র করে নির্মাণাধীন একটি স্লুইচ গেট প্রকল্পে হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক চিহ্নিত সন্ত্রাসীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে গত সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেয়াগড় স্লুইচ গেট এলাকায়। আহতরা হলেন মোজাম্মেল হক খান (৩৬), মো. আরিফ (২১), আঙ্গুর মিয়া (৪৪) ও মতিউর রহমান (৫০)। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ ঘটনায় স্লুইচ গেট নির্মাণকাজের সাব-ঠিকাদার মো. শাহীন আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি স্থানীয় মো. সোহেল ওরফে ‘ট্যাটু সোহেল’ এবং তার সহযোগীদের হামলার জন্য দায়ী করেন।
ঠিকাদার শাহীন বলেন, পানি উন্নয়ন বোর্ডের অধীনে কেয়াগড় এলাকার ভেঙে যাওয়া স্লুইচ গেট পুনর্নির্মাণের কাজ তিনি সাব-কন্ট্রাকে নিয়েছেন। ঘটনার দিন দুপুরে ট্যাটু সোহেল নির্মাণস্থলে এসে তাকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে সেখানে কর্মরত শ্রমিকদের অকথ্য ভাষায় গালাগাল করেন এবং নির্মাণসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।
ঠিকাদারের ভাষ্য অনুযায়ী, চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন সোহেল। শ্রমিকেরা এর প্রতিবাদ করলে ট্যাটু সোহেল, মো. হাছান ও তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তি লোহার রড ও লাঠি দিয়ে শ্রমিকদের ওপর হামলা চালান। এতে চার শ্রমিক মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী খবরের কাগজকে বলেন, ‘নির্মাণাধীন স্লুইচ গেটে চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধরের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত মো. সোহেল ওরফে ট্যাটু সোহেল চাতরী ইউনিয়নের মহতরপাড়া গ্রামের বাসিন্দা এবং এলাকায় একজন পরিচিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পটিয়ায় বিএনপির গাড়িবহরে হামলা, ব্যাংক ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
হা-মীম/মাহফুজ