চট্টগ্রামের সাতকানিয়ায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় কারিনা কালাম ঐশি (১৫) নামে 'সাতকানিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ'-এর এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছেন।
রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই সময় চট্টগ্রামগামী মারছা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।
পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
আহত কারিনা কালাম ঐশি উপজেলার ধর্মপুর ইউনিয়নের প্রবাসী আবুল কালামের কন্যা। এ ছাড়াও সে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী বলে নিশ্চিত করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
মহাসড়ক অবরোধের খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী, সাতকানিয়া থানা পুলিশ ও দোহাজারী হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। এর পরপরই যান চলাচল স্বাভাবিক হয়।
সাতকানিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হোসাইন আল হিশাম মুহাম্মদ জাবেদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই স্কুলের সামনে একটি গতিরোধক স্থাপনের দাবি জানিয়ে আসছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। দ্রুত সময়ের মধ্যে এখানে একটি গতিরোধক স্থাপন করা না হলে দুর্ঘটনা বেড়েই চলবে। এ ছাড়াও আমরা ওই বাস চালকের শাস্তির দাবি জানাচ্ছি।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনায় সম্পৃক্ত বাসটি আটক করা হয়েছে। এ ছাড়াও অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
আরিফুল ইসলাম/সুমন/