নওগাঁ সদর হাসপাতালের সামনে জুনায়েদ সাকী (৩৭) নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে মরদেহ রেখে পালিয়ে যায় তারা।
ঘটনার প্রত্যক্ষদর্শী ট্রলিম্যান বাপ্পি জানান, ভোরের দিকে একটি পিকআপে করে দুজন মরদেহটি নিয়ে আসে। এরপর জরুরি বিভাগের সামনে গাড়ি থেকে মরদেহটি ট্রলির ওপরে ফেলে পালিয়ে যায় তারা। পরে তাকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
বাপ্পি আরও বলেন, পালিয়ে যাওয়ার সময় পেছন থেকে তাদের অনেক ডাকাডাকি করা হয়। কিন্তু তারা না শুনে দ্রুতই সটকে পড়েন।
নিহতের পরিচয় নিশ্চিত করে নওগাঁ কাস্টমসের সহকারী রাজস্ব কমিশনার মো. রাশেদ জানান, জুনায়েদের বাড়ি পিরোজপুর জেলার বলিহারী গ্রামে। তার বাবার নাম মনজুরুল হক। তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে ঢাকা কাস্টমসে কর্মরত ছিলেন। আজ সকালে ট্রেনে করে ঢাকা থেকে সান্তাহারে নামেন জুনায়েদ। এরপর আর কিছু জানা যায়নি। পরে হাসপাতালে থেকে তার পরিবারকে জানানো হয়।
জরুরি বিভাগের চিকিৎসক রেহেনুমা মুনমুন জানান, জুনায়েদকে মূলত মৃত অবস্থায় পান চিকিৎসক। প্রাথমিকভাবে তার হাত ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়। তবে তার মৃত্যু বিষয়টি ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খোরশেদ আলম জানান, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জেনেছেন তারা। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।
শফিক/এসজি/