চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ, দুটি ম্যাগাজিনসহ আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহী সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল নিয়মিত টহলের অংশ হিসেবে ওই রাতে গোমস্তাপুর এলাকায় অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, রহনপুর থেকে আড্ডাগামী পাকা সড়কের উত্তর পাশে নিউ রফিক অটো রাইসমিলের পশ্চিম-উত্তর কোণের একটি আমগাছের ঝোপে সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা সন্দেহজনকভাবে পড়ে আছে। পরে ঘটনাস্থলে পৌঁছে ওই বস্তার ভেতর থেকে একটি দেশীয়ভাবে তৈরি ওয়ান শ্যুটার পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ, দুটি খালি ম্যাগাজিন এবং আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলোর মধ্যে ছিল দুটি তলোয়ার, একটি ভাঙা কাঠের বাটসহ রামদা, একটি স্টিলের বাটযুক্ত বল্লম, দুটি চাইনিজ কুড়াল, একটি কাঠের বাটসহ ডেগার।
র্যাবের ধারণা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা অস্ত্রগুলো সেখানে লুকিয়ে রেখেছিল।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আব্দুল আজিজ/সুমন/