নীলফামারীর সৈয়দপুর শহরের একটি বহুতল ভবনে থাকা ২টি ব্যাংকের শাখাসহ ১০টি দোকান আগুনে পুড়ে গেছে।
সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে শহিদ ডা. জিকরুল হক রোডের একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও পর্যাপ্ত পানির অভাবে উদ্ধারকাজ থমকে যায়।
পরে রংপুরের তারাগঞ্জ, দিনাজপুরের পার্বতীপুর ও নীলফামারীর উত্তরা ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আসে। দমকল বাহিনী ও স্থানীয়রা যৌথভাবে চেষ্টা চালিয়ে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুরো সড়কজুড়ে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।
আগুনে ফেরদৌস কটন হাউস, আকবর কটন শপ, রাজা বেডিং হাউস ও একরামুল হক কটন শপ নামের চারটি টিনশেড আধাপাকা দোকানের মালামালসহ সব পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা পাশের আটতলা ভবনেও ছড়িয়ে পড়ে।
এতে ভবনের দ্বিতীয় তলায় থাকা ঢাকা ব্যাংক লিমিটেডের শাখা এবং তৃতীয় তলায় থাকা ঢাকা মার্কেন্টাইল এন্ড কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের শাখায় আগুন লাগে। তবে নিচতলায় থাকা বেস্ট বাই শোরুম অল্পের জন্য রক্ষা পায়।
আগুনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আকবর কটন শপের পেছন দিক থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতিহা তাকলিমা বলেন, 'আগুন নিয়ন্ত্রণে সৈয়দপুর ফায়ার সার্ভিসের ইউনিটসহ পার্শ্ববর্তী তারাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিট মিলিয়ে মোট আটটি ইউনিট কাজ করে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'
রংপুর রেঞ্জের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, 'দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বিলম্ব হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর্থিক ক্ষতির পরিমাণ এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি।'
মমিনুর/রিফাত/