ঝিনাইদহে ছাত্রলীগ করার অপরাধে নিজের সন্তানকে হলফনামার মাধ্যমে ত্যাজ্য ঘোষণা করেছেন আবু জাফর নামে এক পিতা।
সোমবার (২ মার্চ) ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা জজ কোর্টের অ্যাডভোকেট মো. সাদাতুর রহমান হাদি’র মাধ্যমে এই আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
হলফনামা সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের ব্যবসায়ী মো. আবু জাফর (৪৮) তার ছেলে মো. নাহিদ হাসান সবুজকে (২৪) ত্যাজ্য পুত্র হিসেবে ঘোষণা করেছেন। অভিযুক্ত নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।
হলফনামায় মো. আবু জাফর উল্লেখ করেন, তার পুত্র দীর্ঘদিন ধরে তার অবাধ্য এবং অবান্তর জীবনযাপন করে আসছিলেন। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে বসবাস করেন না এবং নিজের খেয়ালখুশিমতো আলাদা থাকেন।
পিতা আরও অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা সত্ত্বেও তার পুত্র এই সংগঠনের বিভিন্ন কার্যক্রমে লিপ্ত ছিলেন। বিশেষ করে গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের কার্যক্রম পুনরায় চালু করার প্রক্রিয়ায় সবুজের সক্রিয় অংশগ্রহণের সংবাদ পাওয়ার পর তার পিতা তাকে বাড়ি থেকে বিতাড়িত করেন।
হলফনামায় স্পষ্ট বলা হয়েছে, আজ থেকে নাহিদ হাসান সবুজের কোনো প্রকার আয়-রোজগার, দায়-দেনা বা কর্মকাণ্ডের সঙ্গে পিতা বা তার পরিবারের অন্য কোনো সদস্যের কোনো সম্পর্ক থাকবে না। তার কোনো অপকর্মের দায়ভার পরিবার বহন করবে না। ভবিষ্যতে তার সঙ্গে পরিবারের সকল প্রকার রক্ত সম্পর্কীয় ও আইনি বিচ্ছেদ বজায় থাকবে।
পিতা মো. আবু জাফর বলেন, আমার সন্তান দেশের আইন ও নীতিমালার পরিপন্থি কোনো কাজ করুক আমি তা চাই না। বারবার সতর্ক করার পরও সে সংশোধন হয়নি, তাই বাধ্য হয়ে আমি তেজ্য করার এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি।
মাহফুজুর রহমান/নাঈম