চট্টগ্রামের কর্ণফুলীতে জ্বালানি তেল নিতে পেট্রলপাম্পে যানবাহনের উপচে পড়া ভিড়ের কারণে পিএবি সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, পণ্যবাহী যানবাহন ও জরুরি সেবার গাড়িগুলো।
সোমবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কর্ণফুলীর বড় উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকার শরাফত অ্যান্ড ব্রাদার্স নামের পেট্রলপাম্পের সামনে এ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানিয়েছেন, তেলের সংকট দেখিয়ে পাম্পগুলো তেল দিচ্ছে না, দিলেও অল্প পরিমাণে দিচ্ছে। তাই একসঙ্গে বিপুলসংখ্যক যানবাহন পাম্পে ভিড় করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পেট্রলপাম্পে তেল নিতে আসা গাড়ির দীর্ঘ সারি সড়কে ছড়িয়ে পড়লে যান চলাচল ধীর হয়ে পড়ে। একপর্যায়ে দেড় কিলোমিটারের বেশি এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। এতে সহস্রাধিক যান আটকা পড়ে।
একটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আকিবুর রহমান বলেন, ‘বন্ধুদের সঙ্গে চট্টগ্রাম শহরে যাচ্ছি। হঠাৎ করে অনেক গাড়ি তেল নিতে আসায় রাস্তায় যানজট তৈরি হয়। আমরা পুরোপুরি আটকে যাই। আধা ঘণ্টা ধরে গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে থাকে।’
আরেকটি অটোরিকশার যাত্রী তাকিমুল ইসলাম জিশাদ বলেন, ‘জরুরি কাজে আনোয়ারা যাচ্ছি। কিন্তু এখানে পেট্রলপাম্পে তেলের সংকটের কারণে মোটরসাইকেল ও যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি করেছে, যা আমার মতো সাধারণ যাত্রীদের ভুগিয়েছে।’
বাঁশখালীর গুণাগরী থেকে আসা অ্যাম্বুলেন্সচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মোটরসাইকেল আরোহীরা তেল নিতে পুরো সড়কের জটলা তৈরি করে ফেলেছেন। ফলে রোগী নিয়ে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়েছে। জরুরি গাড়ির জন্য আলাদা কোনো ব্যবস্থা তারা রাখেনি।’ স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় পরে ধীরে ধীরে যানজট কমতে শুরু করে বলে জানা গেছে।
কর্ণফুলী থানা ট্রাফিক পুলিশ ইনচার্জ (টিআই) আবু বাকার সায়েদ বলেন, ‘পাম্প এলাকায় অতিরিক্ত যানবাহন প্রবেশের কারণে সাময়িক যানজট তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’