ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিনতাই হওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২১ মার্চ সন্ধ্যা ৬টার দিকে বিজয়নগরের চান্দুরা সিএনজি স্ট্যান্ড থেকে ভাড়া নিয়ে আখাউড়ার দিকে আসছিলেন অটোরিকশাচালক প্রান্তুস দাস। পথে উপজেলার হীরাপুর এলাকার ফকিরমোড়া বিজিবি ক্যাম্পের উত্তরে পৌঁছালে যাত্রী বেশে থাকা ইয়াছিন মিয়া ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন কেশব দাস বিজয়নগর থানায় মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ মার্চ) রাতে অভিযান চালায় পুলিশ। তন্তর বাজার এলাকা থেকে প্রধান অভিযুক্ত ইয়াছিন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর চৌমহনী এলাকার একটি সিএনজি স্ট্যান্ড থেকে ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ সময় সুমন চিশতি ও মামুন মিয়াকেও গ্রেপ্তার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।’
জুটন/এসজি/