নড়াইলে তেল না পেয়ে মেসার্স তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে বাকবিতণ্ডার পর ম্যানেজার নাহিদ সরদারকে (৩৫) চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ট্রাকচালকের বিরুদ্ধে।
নিহত নাহিদ সরদার সদরের পেড়লী গ্রামের আকমার সরদারের ছেলে।
শনিবার (২৮ মার্চ) মধ্যরাতে সদরের তুলারামপুর রেলসেতুর নিচে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ফিলিং স্টেশনের আরেক কর্মী জিহাদুল মোল্যার (২৭) অবস্থাও আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গত রাতে সুজাত নামে এক ট্রাকচালক তেল নিতে সদরের তানভীর ফিলিং স্টেশনে আসেন। এ সময় তেল নেওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে ট্রাকচালকের বাকবিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ ট্রাকচালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেয়।
বাকবিতণ্ডার পরও ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করছিলেন। রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনে কাজ শেষে সহকর্মী জিহাদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে ট্রাকটিকে দ্রুতগতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায়।
তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এমন পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন নিহতের সহকর্মীরা ও এলাকাবাসী। তবে এখন পর্যন্ত এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করতে পারেনি পুলিশ।
তুলারামপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক শেখ সেকেন্দার আলী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শরিফুল ইসলাম/অমিয়/