মুন্সীগঞ্জের গজারিয়ায় ২ দশমিক ১০ কিমি দীর্ঘ হোসেন্দী খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় খাল খনন কাজের উদ্বোধন করা হয়।
এলাকার কৃষি ও মৎস্যসম্পদের উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, 'বর্তমান সরকার তার নির্বাচনি ইশতেহার ও প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। ইশতেহার অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই বিএনপি সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।'
বিশেষ অতিথি মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হোসেন্দী ইউনিয়নের কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। পর্যায়ক্রমে গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম জানান, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনর্খনন করা হচ্ছে। প্রকল্পের বরাদ্দ দেওয়া হয়েছে ৪৯ লাখ ৭৫ হাজার ৯৫৪ টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী মাহবুব, জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা এবং গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।
মইনউদ্দীন/আমান/