পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহসভাপতি ঊষাতন তালুকদার বলেছেন, পার্বত্য জনগণ সংখ্যায় কম হতে পারে, কিন্তু আমরা পার্বত্য চট্টগ্রাম চুক্তি আদায় করে ছাড়ব।
বুধবার (২০ মে) দুপুরে রাঙামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ঊষাতন তালুকদার বলেন, ‘আপনারা যদি এগিয়ে না আসেন, সেটা কীভাবে হবে না হবে সেটা একটা বিষয়। কিন্তু আপনারা মনে রাখবেন পার্বত্য জনগণ সংখ্যায় কম হতে পারে, কিন্তু আমরা এই পার্বত্য চুক্তি আদায় করে ছাড়ব।’
তিনি আরও বলেন, ‘আপনারা পার্বত্য সমস্যাকে হালকা করে দেখবেন না। এই সমস্যাকে যথাযথভাবে দেখার চেষ্টা করুন এবং সমাধানে এগিয়ে আসুন। আপনাদের বলতে চাই, চুক্তি বাস্তবায়ন তথা পার্বত্য সমস্যা সমাধানের জন্য আপনাদের সময় দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে।’
সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ছাত্রসংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০তম কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে রাঙামাটিতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে এ সমাবেশে দল ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রুমেন চাকমার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, শিক্ষাবিদ শিশির কান্তি চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক উলিসিং মারমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সহসভাপতি জিকো চাকমা প্রমুখ।
আগামীকাল ২১ মে সকালে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে পিসিপির প্রতিনিধি সম্মেলন ও ৩০তম কাউন্সিলের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ অনুষ্ঠান শেষ হবে।
জিয়াউর রহমান/সালমান/