চট্টগ্রামের সাতকানিয়ায় শাহাদাত হোসেন (৩২) নামে এক চা-পান বিক্রেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নিহত শাহাদাত হোসেনের মা ছায়েরা খাতুন (৫৮) বাদী হয়ে মামলাটি করেন।
এর আগে ইয়াবাসহ মো. কামাল ওরফে পিচ্চি কামাল (৩৫) নামে এক ব্যক্তিকে সেনাবাহিনীর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে এমন সন্দেহ ও ক্ষোভে শাহাদাত হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়।
ঘটনার পরপরই আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। পরে এজাহারনামীয় আসামি মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও এ মামলার সন্দিগ্ধ আসামি মো. ইসমাঈলকে (২৭) গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ মামলায় অন্য আসামিরা হলেন- তানভীর হোসেন তুর্কি (২৫), মো. কামাল প্রকাশ পিচ্চি কামাল (৩৩), শাহাদাত হোসেন মিশলু (২৪), মোহাম্মদ ফারুক প্রকাশ টাইগার ফারুক (৩০), আকিবুল ইসলাম আউক্কা (২৭), কফিল উদ্দিন (৩৬), মো. সাইফুল ইসলাম (৩১), মো. নোমান (২৭) ও মো. হেলালকে (২৮) এজাহারনামীয় এবং ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আরও পড়ুন>> সাতকানিয়ায় চা-পান বিক্রেতাকে পিটিয়ে হত্যা
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে মামলার ২ নম্বর আসামি পিচ্চি কামাল তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন। এ ঘটনায় তিনি কয়েক মাস কারাগারে থেকে সম্প্রতি জামিনে বের হয়। এরপর শাহাদাত তাকে ধরিয়ে দিয়েছে এমনটা দাবি করে তাকে হুমকি দিয়ে আসছিলেন। গত ২৬ এপ্রিল রাত ১১টার দিকে শাহাদাতকে সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ এলাকায় তার দোকানের সামনে মাথায় উপর্যুপরি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে শাহাদাতকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৬টার টার দিকে তিনি মারা যান।
থানাসূত্রে জানা গেছে, নিহত শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। তারমধ্যে বেশ কয়েকটি মাদকের মামলা।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী খবরের কাগজকে বলেন, মামলার এজাহারনামীয় আসামি সাইফুল ও সন্দিগ্ধ আসামি ইসমাঈকে মঙ্গলবার আদালতের পাঠানো হবে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরিফুল ইসলাম/অমিয়/