যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির স্কুল বোর্ড নির্বাচনে হ্যাটট্রিক বিজয় অর্জন করেছেন সুব্রত চৌধুরী। তিনি প্রথম এশিয়ান-আমেরিকান হিসাবে তৃতীয় মেয়াদে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করলেন।
গত মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের প্রয়াত বাসিন্দা দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর বড় সন্তান সুব্রত চৌধুরী আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টের হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত। তিনি সাংবদিকতার পাশাপাশি ছড়া, গল্প লিখেন। অনুবাদক হিসাবেও তার খ্যাতি রয়েছে। ইতোমধ্যে তার ছড়ার বই ‘বিশ্ব বেহায়া’ ও রূপকথার বই ‘আতু বুতু কাতু কুতু’ প্রকাশিত হয়েছে।
আবৃত্তিশিল্পী হিসেবে প্রবাসের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সদর্প বিচরণ।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চৌধুরী প্রথম আমেরিকান এশিয়ান হিসেবে আটলান্টিক কাউন্টির সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদের সদস্য পদে আগামী তিন বছরের জন্য তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছেন।
সুব্রত চৌধুরী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উওর ভূর্ষি গ্রামের প্রয়াত শৈবাল শংকর চৌধুরী ও রানী চৌধুরীর ছোট মেয়ের জামাই। তিনি স্ত্রী লাকী চৌধুরী, দুই সন্তান অর্ঘ্য চৌধুরী ও অদ্রি চৌধুরীকে নিয়ে আটলান্টিক সিটির চেলসি হাইটসে বসবাস করেন।
তৃতীয় মেয়াদে জয়ী করায় আটলান্টিক সিটির ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, বেঙ্গল ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতারা সুব্রত চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।
অমিয়/