মালদ্বীপে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ বাংলাদেশি শ্রমিকের মধ্যে তাজ উদ্দিনের (২৫) বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নে।
তিনি হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের কাচারি বাড়ির আবুল কাশেমের ছেলে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে মালদ্বীপ প্রবাসী নিহতের খালাতো ভাই আব্দুল খালেক পরিবারের সদস্যদের ফোন করে তাজ উদ্দিনের মৃত্যুর বিষয়টি জানান।
পরিবার সূত্রে জানা গেছে, তাজ উদ্দিন চার বোনের একমাত্র ভাই। বিবাহিত তাজ উদ্দিনের চার মাস বয়সি একটি কন্যা সন্তান রয়েছে।
পরিবারের আর্থিক সংকট দূর করতে প্রায় চার লাখ টাকা ব্যয় করে ছয় মাস আগে তিনি মালদ্বীপে পাড়ি জমান। সেখানে একটি নিম্নমানের আবাসিক হোটেল বা রিসোর্টে নিম্নমান শ্রমিকের কাজ করতেন তিনি। তাজ উদ্দিনের মৃত্যুর সংবাদে পরিবারের সদস্যসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার অসুস্থ বাবা দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন।
পরিবারের একমাত্র উপার্জনকারি তাজ উদ্দিনের মৃত্যুর সংবাদে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।
তাজ উদ্দিনের বাবা আবুল কাশেম সাংবাদিকদের জানান, পরিবারের অভাব দূর করতে মালদ্বীপে গিয়েছিল তাজ উদ্দিন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার মৃত্যুতে আমাদের স্বপ্ন ছুরমার হয়ে গেছে। তার ঘরে চার মাসের শিশু কন্যার ভবিষ্যৎ নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন। দ্রুত ছেলের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহবান জানান।
নিহতের স্ত্রী অনন্তি বেগম স্বামীর মৃত্যুর সংবাদে বারবার মূর্ছা যাচ্ছেন। তিনি জানান, দার-দেনা করে গত ছয় মাস আগে পরিবারের হাল ধরতে মালদ্বীপে গিয়েছিলেন তাজ উদ্দিন। মালদ্বীপের দিঘুরা আইল্যান্ড এলাকায় নিম্নমানের একটি আবাসিক হোটেলে নির্মাণ কাজের শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ঘটনার দুই দিন আগে স্বামী তাজ উদ্দিনের সঙ্গে কথা হয়েছিল। সেখানে স্ত্রীকে ঈদের কেনাকাটার জন্য কিছু টাকাও পাঠানোর কথা ছিল। কিন্তু কে জানত, এটি তাদের জীবনের শেষ কথা।
নিহতের চাচাতো ভাই আব্দুল কুদ্দুছ বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আমার চাচাতো ভাই তাজ উদ্দিন মারা গেছে। তার পরিবার এখন একেবারেই অসহায় হয়ে পড়েছে।
স্থানীয় হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বাবুল বলেন, নিহত তাজ উদ্দিন আমার গ্রামের ছেলে ছিল। দরিদ্র পরিবারের উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পরিবারটি এখন সর্বহারা হয়েছে। তাদের শান্তনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। সরকারের প্রতি নিহতের পরিবারকে সর্বাত্মক সহায়তা ও মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
আরও পড়ুন- মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। তাজ উদ্দিনের মৃত্যুর ঘটনাটি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
রফিুল/রিফাত/