যুদ্ধ-সংঘাতসহ বর্তমান বিশ্বের বিরাজমান বিভিন্ন সঙ্কট মোকাবিলায় বহুপাক্ষিক কূটনীতি শক্তিশালীকরণে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সমর্থন কামনা করেন জেনেভায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন কর্তৃক বিশ্ব মেধাস্বত্ত্ব সম্পদ সংস্থার (WIPO) সদর দপ্তরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রদূত নাহিদা সোবহান তার বক্তব্যের প্রারম্ভে মহান মুক্তিযুদ্ধে শহিদ, বীর মুক্তিযোদ্ধা এবং সংগ্রামী মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত সুষ্ঠু ও স্বচ্ছ জাতীয় নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গঠনের ওপর আলোকপাত করে স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান বলেন, গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও টেকসই অগ্রগতির প্রতি বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান তার বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সদীপ্ত পদচারণা এবং বাংলাদেশের কূটনৈতিক সাফল্য তুলে ধরেন। সমতা, ন্যায্যতা, ও পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের নীতিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ,
আত্মমর্যাদা, ও ভাবমূর্তি বিশ্বদরবারে সমুজ্জ্বল করণে বর্তমান সরকারের পররাষ্ট্র নীতি বাস্তবায়নে জেনেভাস্থ স্থায়ী মিশন জোর কূটনীতিক প্রচেষ্টা চালাবে বলে তিনি তার বক্তব্যে তুলে ধরেন।
রাষ্ট্রদূত নাহিদা সোবহান বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলসহ
বহুপাক্ষিক ব্যবস্থায় বাংলাদেশের গঠনমূলক সম্পৃক্ততা উল্লেখ করে জলবায়ু পরিবর্তন, শ্রম অধিকার, অভিবাসন ও বৈশ্বিক স্বাস্থ্য উদ্যোগে বাংলাদেশের নেতৃত্বের কথা তুলে ধরেন।
রোহিঙ্গা সংকটের ওপর আলোকপাত করে তিনি এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে অধিকতর গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বাংলাদেশের স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ সংক্রান্ত ঝুঁকিসমূহ মোকাবিলায় বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান।
উল্লেখ্য যে, জেনেভা মিশনে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার শুরুতে মিশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত নাহিদা সোবহান। পরবর্তীতে সন্ধ্যায় জেনেভাস্থ বিশ্ব মেধাস্বত্ত্ব সম্পদ সংস্থার সদর দপ্তরে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, শিক্ষাবিদ, সরকারী কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দসহ প্রায় চারশত অতিথি যোগদান করেন।
বাংলাদেশি চিত্রকলা, বুনন, ভাস্কর্য, ও স্থাপনা ইত্যাদি মেলে ধরে অনুষ্ঠানে আকর্ষণীয় এক প্রদর্শনীরও আয়োজন করা হয়। সবশেষে আগত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
বিজ্ঞপ্তি/নাঈম