সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। ভিন্নধর্মী গানের কথা, সুর ও সংগীতে শ্রোতাদের কাছে পেয়েছেন আলাদা সম্মান। অনেক বছর পর সায়ান ফিরছেন একক কনসার্ট দিয়ে। কনসার্টের শিরোনাম ‘গানে গানে সায়ান’। আগামী ২২ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই কনসার্টে দুই ঘণ্টাব্যাপী নিজের সব গান পরিবেশন করবেন এই শিল্পী। অনুষ্ঠানটি আয়োজন করেছে আজব কারখানা।
একক কনসার্ট নিয়ে সায়ান বলেন, ‘আজব কারখানার আয়োজনে অনেক অনেক দিন পর একটা একক গানের আসরে গান গাইব। অনেক কিছু হলো এর মাঝে। গানের মানুষ হিসেবেই সেই সব তীব্র সময়ের দুঃখ, বেদনা আবার নতুন দিনের আশা-আকাঙ্ক্ষার আবেশ নিয়েই হাজির থাকতে চাই আসরে। আপনাদের সঙ্গ সব সময়ই আমার শক্তি।’
আজব কারখানার প্রতিষ্ঠাতা ও সিইও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘সায়ান আপা আমাদের প্রিয় শিল্পী। তিনি কনসার্টে সেভাবে উপস্থিত থাকেন না, নিজের মতো নিভৃতেই নিজের সংগীতচর্চা করেন। কিন্তু আমার মতোন অনেকেই তার গান শুনতে উন্মুখ হয়ে থাকেন। তাই আমাদের এই আয়োজন।’
গানে গানে সায়ানের টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রক ডট কমে। তিন ধরনের টিকিটের মূল্য ৫০০, ৭০০ ও ১০০০ টাকা।
হাসান