এ বছরের অন্যতম জনপ্রিয় গান ‘মালোমা’। কোক স্টুডিও বাংলার প্রযোজনায় গানটিতে কণ্ঠ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান শিল্পী সাগর দেওয়ান। এ গানটির প্রকাশের পর সঙ্গীতপ্রেমিরা এ শিল্পীর নতুন গানের অপেক্ষায় ছিলেন। এবার নতুন বছর উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এ শিল্পী। নতুন গানের নাম ‘আহায় আহায়’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন শাদ শাহ।
ইতোমধ্যে গানটির ভিডিও ধারণও সম্পন্ন হয়েছে। সিলেটের মনোরম লোকেশনে ধারণ করা হয়েছে গানের ভিডিও। আগামী দু-এক দিনের মধ্যে সাগর দেওয়ানের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।
গানটি সম্পর্কে শাদ শাহ বলেন, ‘একটি মাটির গান আমরা করতে চেয়েছি, যেখানে কথা, সুর ও সংগীত প্রতিটি ক্ষেত্রেই সেরকম ছোঁয়া পাওয়া যাবে। আমার বিশ্বাস, গানটি প্রকাশ হলে সবার ভালো লাগবে।’
শিল্পী সাগর দেওয়ান বলেন, ‘আমি জানি শ্রোতাদের কিছুটা হলেও প্রত্যাশা তৈরি হয়েছে আমার প্রতি। সেদিক থেকে একটু সময় নিয়ে একাধিক নতুন গানের কাজ আমরা করেছি। একেবারে নতুন আঙ্গিকে এ গানটি পাবেন শ্রোতা-দর্শক।’
হাসান