মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ভারতের ল্যান্সডাউন প্লেসের নাম বদলে প্রতুল মুখোপাধ্যায় সরণি করা হয়েছে ৷
সোমবার (২৪ ফেব্রুয়ারি) অধিবেশনের সময় এই ঘোষণা করেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম।
তিনি জানান, ল্যান্সডাউন প্লেস এখন থেকে প্রতুল মুখোপাধ্যায় সরণি। এ বিষয়ে সরকারি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। পুরনিগমের রোড রিনেমিং কমিটি সরকারিভাবে নাম বদল করে দিয়েছে। প্রতুল মুখোপাধ্যায় সরণি নামাঙ্কিত বোর্ড সেখানে বসানো হচ্ছে। এতে বিরোধী দল, বাম, বিজেপি, কংগ্রেস সমর্থন জানায়।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছিলেন। কলকাতা করপোরেশনকে প্রয়োজনীয় পদক্ষেপও নিতে বলেছিলেন।
প্রতুল মুখোপাধ্যায়ের নামে সরণীতে খুশি বাংলার সঙ্গীতমহলসহ তার ভক্ত অনুরাগীরা।
চলতি মাসের ১৫ তারিখ খ্যাতনামা সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান।
'আমি বাংলায় গান গাই' গানের স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায় ২৫ জুন ১৯৪২ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক ও মা বাণী মুখোপাধ্যায় ছিলেন গৃহিণী। দেশভাগের সময় তিনি পরিবারের সঙ্গে ভারত চলে যান। সেখানে শৈশব কেটেছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়ায়।
তিনি একাধারে গায়ক, সৃজনশীল শিল্পী এবং গীতিকার ছিলেন। এ ছাড়া তিনি গোঁসাইবাগানের ভূত চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দেন।
মেহেদী/