বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক ইলিয়াস জাভেদ। দীর্ঘদিন ধরেই ক্যানসারসহ নানা অসুখে ভুগছেন তিনি। হঠাৎ করেই গত ১৬ এপ্রিল দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। এবার জানা গেল কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জাভেদ। এই অভিনেতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
নৃত্য পরিচালক ইউসুফ খান গণমাধ্যমকে বলেন, ‘উনার (জাভেদ) শরীর হঠাৎ বেশি খারাপ হয়ে গেলে গত বুধবার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে তার নানারকম পরীক্ষানিরীক্ষা হয়েছে। চিকিৎসায় অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় বুধবারই তাকে বাসায় নেওয়া হয়েছে। চিকিৎসক তাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে বলেছেন। সবাই আমাদের ইলিয়াস জাভেদ ভাইয়ের জন্য জন্য দোয়া করবেন’।
জানা গেছে, ক্যানসার আক্রান্ত এই অভিনেতা এর আগে একবার ব্রেইন স্ট্রোক করেছিলেন। ২০২০ সালের ৪ এপ্রিল মূত্রনালির জটিলতায় আক্রান্ত হলে জাভেদের অস্ত্রোপচার করা হয়। তারপর থেকেই বলা চলে শারীরিকভাবে আর সুস্থ হতে পারছেন না তিনি।
উল্লেখ্য, জাভেদ অভিনীত সর্বশেষ সিনেমার নাম ‘মা বাবা সন্তান’। এরপর আর সিনেমায় দেখা যায়নি। নৃত্য পরিচালক থেকে অভিনেতা হওয়া জাভেদ দীর্ঘ ক্যারিয়ারে- মালেকা বানু, অনেক দিন আগে, শাহজাদা, রাজকুমারী চন্দ্রবান, সুলতানা ডাকু, আজো ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনাভানসহ অনেক সুপারহিট সিনেমায় কাজ করেছেন।
/শাকিল